গ্রিজমানের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তোনিও গ্রিজমান
আন্তোনিও গ্রিজমান

কী দুর্দান্ত একটা মৌসুমই না কাটিয়েছেন আন্তোনিও গ্রিজমান! ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে করেছেন সবচেয়ে বেশি ৬ গোল। ১৩ ম্যাচে ৭ গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু দারুণ এই পারফরম্যান্সের পরও অ্যাটলেটিকোর ফরাসি ফরোয়ার্ডের হতাশা হয়ে আছে দুই দুটি ফাইনালে হার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে অ্যাটলেটিকো। আর ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হেরেছে তাঁর দল ফ্রান্স। এই দুই ফাইনালের হারের ক্ষতে উপশমের প্রলেপ হতে পারে উয়েফা বর্ষসেরার খেতাব। গ্রিজমান খুব করেই চাইছেন ইউরোপ-সেরা ফুটবলারের স্বীকৃতি, ‘পুরস্কারটি আমারই প্রাপ্য। কারণ জাতীয় দল এবং ক্লাবের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছি। চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকোর হয়ে এবং ইউরোয় ফ্রান্সের হয়ে অবিস্মরণীয় একটা মৌসুম গেছে।’
উয়েফা বর্ষসেরা হওয়ার দৌড়ে তাঁর সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। আজই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে মৌসুমের ইউরোপ-সেরা ফুটবলারের নামও।
তবে গ্রিজমানের লক্ষ্য শুধু ইউরোপ-সেরা ফুটবলার হওয়া নয়। তাঁর লক্ষ্যটা আরও বড়—রোনালদো-মেসির কাতারে নিজেকে নিয়ে যাওয়া, ‘যত দূর সম্ভব আমি তাদের মানের কাছাকাছি নিয়ে যেতে চাই নিজেকে। সেরাদের মধ্যে থাকাটাই আমার লক্ষ্য।’ আইএএনএস, মার্কা।