গ্রিজমানের শঙ্কাটা তাহলে কাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ মূলত তাঁর দিকেই তাকিয়ে থাকে। কিন্তু এবারের লিগে প্রথম দুটি ম্যাচ যখন ড্র করে বসল অ্যাটলেটিকো, অাঁতোয়ান গ্রিজমানকে পেয়ে বসল অবনমনের শঙ্কা। হতাশ ফ্রেঞ্চ ফরোয়ার্ড এ নিয়ে সতীর্থদের একটু তির্যক কথাই শুনিয়ে দিয়েছিলেন। তবে পরশু সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারানোর পর গ্রিজমানের ভয়টা একটু কমেছে। আগের মন্তব্যের জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন।

প্রথম দুই ম্যাচে নবাগত আলাভেস ও লেগানেসের বিপক্ষে ড্র করে বসেছে অ্যাটলেটিকো। গ্রিজমান তাই হতাশা থেকেই লেগানেস ম্যাচের পর বলেন, এভাবে খেললে অবনমন বাঁচাতে লড়তে হবে। জবাবে সতীর্থ সল নিগেজ গ্রিজমানকে ‘মাথা ঠান্ডা রেখে’ কথা বলার পরামর্শ দিয়েছিলেন। গোলডটকম।

পরশু গ্রিজমান খেলেছেন দারুণ ঠান্ডা মাথায়। দুই গোল করেছেন, দল পেয়েছে বড় জয়। এবার ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের উপলব্ধি, ‘(সতীর্থদের কাছে) ক্ষমা চাইছি। জনসম্মুখে ওভাবে বলা উচিত হয়নি। ওগুলো ড্রেসিংরুমেরই ব্যাপার।’ ক্ষোভটা নাকি নিজের ওপরই নাকি ছিল তাঁর, ‘লেগানেসের বিপক্ষে আমিই সবচেয়ে খারাপ খেলেছি। নিজের ওপরই রাগ হচ্ছিল, কারণ আমি সব ম্যাচে জিততে চাই।’