
কাল কমলাপুর স্টেডিয়ামে পা রেখে চমকে যেতে হলো। চিরচেনা নীরব স্টেডিয়াম হঠাৎ জেগে উঠেছে। ‘উই আর ফারাজ’ লেখা লাল টি-শার্ট গায়ে কয়েক শ দর্শকের উপস্থিতিতে গোটা পরিবেশটা হঠাৎই ‘লাল’। বর্ণিল ভিআইপি বক্স। গ্যালারির একটা অংশে ভুভুজেলা, ঢোল আর বাঁশির বিরামহীন শব্দ। আর গোটা স্টেডিয়ামেই ফারাজ আইয়াজ হোসেনের ছবি দিয়ে বানানো প্ল্যাকার্ড-ব্যানার।
এতসব আয়োজন ছিল ফারাজ চ্যালেঞ্জ কাপ প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে। এই টুর্নামেন্টের আয়োজক সাবেক ফুটবলারদের সংগঠন ঢাকার সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটি।
পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মাঠের খেলাটাও হলো উপভোগ্য। খেলোয়াড়দের কৌশল, গতি, পাসিং—সবই পেশাদার ফুটবলারদের মতো লাগল। আর খেলায় ফারইস্টকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড়সমৃদ্ধ গ্রিন ইউনিভার্সিটি।
প্রথমার্ধেই দুটি গোল করে ফাইনালটা নিজের করে নেন রুবেল ইসলাম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজার ক্রস থেকে হেডে প্রথম গোল করেন রুবেল। দ্বিতীয় গোলটি বক্সের ওপর থেকে মাপা শটে। দ্বিতীয়ার্ধে রেজারই পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের আলমগীর রানা (শেখ রাসেল ক্রীড়াচক্র)।
অপরাজিত চ্যাম্পিয়ন গ্রিনের অধিনায়ক মইনুল ইসলামের আনন্দের আসল কারণ, ‘ফারাজের চেতনাকে ধারণ করে খেলেছি আমরা। এতেই সাফল্য এসেছে।’ কোচ রাশেদুল ইসলাম এই শিরোপা জয়কে দেখেন বড় পরিসরে, ‘এই টুর্নামেন্ট সামনে ক্যাম্পাসগুলোতে খেলার চর্চা বাড়াবে। এরই মধ্যে ইতিবাচক ফলও আমরা দেখতে পেয়েছি।’
ফাইনালে প্রধান অতিথি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের কথায় উঠে আসে ফারাজের আত্মত্যাগ, ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার নিদর্শন রেখেছে ফারাজ। গত বছর ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ফারাজ নিজের জীবন উৎসর্গ করেছে বন্ধুর জন্য। তার নামে এই ট্রফি উৎসর্গ করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।’ আগামী বছর ফারাজ চ্যালেঞ্জ কাপকে ‘ফারাজ চ্যালেঞ্জ গোল্ডকাপে’ রূপ দেওয়ার ঘোষণা দেন এ কে আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে ফারাজের মা ট্রান্সকম গ্রুপের পরিচালক সিমিন হোসেন বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের দেশ নয়। ফারাজ যে মূল্যবোধ দেখিয়েছে, সেই মূল্যবোধ ধারণ করে আমরা এগোব।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বক্তব্য দেন। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পরিচালক ইকবাল বিন আনোয়ার, পৃষ্ঠপোষক শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির ভিসি গোলাম সামদানী ফকির, একই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. জে. মইনুল ইসলাম (অব.), সোনালী অতীত ক্লাবের সভাপতি খুরশিদ আলম বাবুল, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মদ আসলাম প্রমুখ।