গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান
দাপটের সঙ্গেই সাফের গ্রুপ পর্ব শেষ করল বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। ত্রিবান্দ্রামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে কাল গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ৪-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ ডিসেম্বর সেমিফাইনালে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের।
ম্যাচের ২০ মিনিটে অধিনায়ক ফয়সাল শায়েস্তের গোলে প্রথমে এগিয়ে যায় আফগানিস্তান। তবে ৩২ মিনিটে খেলায় ফিরে আসে মালদ্বীপ, দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে চমৎকার গড়ানো শটে ম্যাচে সমতা ফেরান ফাসির আলী (১-১)। ৩৪ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে স্কোরলাইন ২-১ করেন আফগানিস্তানের অমিদ পোপালজাই। ৫১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন আহমেদ হাতিফি। ৫৪ মিনিটে মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন অমিদ পোপালজাই (৪-১)।
সেমিফাইনাল সূচি
৩১ ডিসেম্বর
ভারত-মালদ্বীপ বিকেল ৪টা
আফগানিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা