গ্রুপ চ্যাম্পিয়নই হলো ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়াগো সিলভার গোলটা উদ্‌যাপন করতে ছুটে এলেন সতীর্থ রবার্তো ফিরমিনো (পেছনে)। পরে ফিরমিনো নিজেও গোল করেছেন। পরশু ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচে l এএফপি
থিয়াগো সিলভার গোলটা উদ্‌যাপন করতে ছুটে এলেন সতীর্থ রবার্তো ফিরমিনো (পেছনে)। পরে ফিরমিনো নিজেও গোল করেছেন। পরশু ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচে l এএফপি

রবিনহোর কর্নার থেকে বলটা ভলি করে জড়িয়ে দিলেন জালে। থিয়াগো সিলভা ছুটে গেলেন গ্যালারির দিকে। দুই হাত উঁচিয়ে ১০ আঙুল দেখিয়ে কার দিকে যেন ইঙ্গিত করলেন। এই উদ্যাপনেও সঙ্গী হওয়ার কথা ছিল তাঁরও, কিন্তু নেইমারকে গ্যালারি থেকেই দেখতে হয়েছে দলের উদ্যাপন। গোলটা তো সতীর্থকে থিয়াগো সিলভা উৎসর্গ করতেই পারেন!
ব্রাজিলের সবচেয়ে বড় শঙ্কাই ছিল এটা—নেইমারকে ছাড়া ভেনেজুয়েলার সঙ্গে পা হড়কাবে না তো? কলম্বিয়া-পেরুর আগের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাজিলের সামনে সমীকরণ ছিল সরল—জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। আর কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ড্র-ই যথেষ্ট। ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে।
কলম্বিয়ার কাছে আগের ম্যাচ হারের ক্ষতটা ছিল দগদগে। নেইমারের বদলে এলেন রবিনহো, অধিনায়কের বাহুবন্ধনী উঠল মিরান্ডার হাতে। ৯ মিনিটেই সিলভার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভেনেজুয়েলা গোলরক্ষক বোরাহা বাধা না হয়ে দাঁড়ালে ব্যবধানটা আরও বাড়তে পারত প্রথমার্ধেই। সেটা বাড়াতে খুব বেশি সময় নেয়নি। ৫২ মিনিটেই উইলিয়ানের দারুণ ক্রস থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন রবার্তো ফিরমিনো। ৮৪ মিনিটে ফেডোরের গোলে ভেনেজুয়েলা ব্যবধান কমিয়েছে, সেটা সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারেনি।
এই ব্রাজিল নেইমারসর্বস্ব দল—এ রকম ধারণা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল। ভেনেজুয়েলার সঙ্গে জয়ে সেটা মুছে ফেলতে পেরেই বেশি খুশি থিয়াগো সিলভা, ‘সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আজ আমাদের দলের সমঝোতাটা ভালো ছিল। ফুটবল এভাবেই খেলতে হয়, দল হিসেবে। ব্যক্তিগতভাবে দেখলে দলীয় চেষ্টাটা আপনার কাছে গৌণ হয়ে যেতে পারে। নেইমারকে আমরা কোপায় আর পাব না। আমরা ওর জন্যই খেলেছি, কিন্তু ধরনে একটু পরিবর্তন আনতে হয়েছে।’
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আগের কোপা আমেরিকায় এই প্যারাগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। শেষ আটের লড়াইয়ের আগে সেটাই মনে করিয়ে দিলেন সিলভা, ‘ওরা কঠিন প্রতিপক্ষ। আগের কোপা আমেরিকা যারা দেখেছে তারা সবাই মানবে প্যারাগুয়ে ফাইনালে মেধার জোরেই উঠেছে। আমি বলছি না আগেরবারের পুনরাবৃত্তি হবে, কিন্তু সেটির রেশ একটু তো থাকবেই।’
দুই দলের কোচের জন্য ম্যাচটা আবার পুনর্মিলনীও বটে। ব্রাজিলের দুঙ্গা ও প্যারাগুয়ের র্যামন ডিয়াজ একসঙ্গে খেলেছিলেন ফিওরেন্টিনায়। দুঙ্গা তাই জমাট একটা লড়াই আশা করছেন ‘বন্ধুর’ সঙ্গে, ‘সে আমার বন্ধু, আমরা সুন্দর অনেক সময় কাটিয়েছি। খেলোয়াড় হিসেবে সে আলাদা ছিল, কোচ হিসেবেও সে ভালো করছে। ম্যাচটা ভারসাম্যপূর্ণ হবে। এটা হবে ফাইনালের মতোই।’ এএফপি, রয়টার্স।
কোপা আমেরিকা ২০১৫ কোয়ার্টার ফাইনাল
২৫ জুন চিলি-উরুগুয়ে (সান্তিয়াগো) ভোর ৫-৩০ মি.
২৬ জুন বলিভিয়া-পেরু (তেমুকো) ভোর ৫-৩০ মি.
২৭ জুন আর্জেন্টিনা-কলম্বিয়া (ভিনা দেল মার) ভোর ৫-৩০ মি.
২৭ জুন ব্রাজিল-প্যারাগুয়ে (কনসেপসিয়ন) রাত ৩-৩০ মি.