গ্রুপ পর্বেই বিদায় 'চ্যাম্পিয়ন'দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-২২ দল নিয়েও গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মালয়েশিয়া। কিন্তু এবার সে দেশের প্রতিনিধিত্ব করা দলটি কোনো দাগই কাটতে পারেনি বঙ্গবন্ধু গোল্ড কাপে। প্রথম দুই মাচে নেপাল ও বাংলাদেশের সঙ্গে ড্র, শ্রীলঙ্কার কাছে কাল ১-২ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ‘চ্যাম্পিয়নরা’। আর মালয়েশিয়ার দলটির পরাজয়ে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামার আগেই সেমিফাইনালে উঠে গেল স্বাগতিক বাংলাদেশ দল।
মালয়েশিয়ান লিগের পঞ্চম দল ফেল্ডা ইউনাইটেডকে এবার পাঠিয়েছে সে দেশের ফেডারেশন। সেই দলকে সামনে পেয়ে কাল হঠাৎ জেগে উঠল আগের দুই ম্যাচেই পয়েন্টশূন্য থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কা। ২ গোলে পিছিয়ে পড়ে একটা গোল শোধ করতে পারলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে পেরে ওঠেনি মালয়েশিয়া। শ্রীলঙ্কার এই অপ্রত্যাশিত জয়ের ফসলটা ঘরে উঠল বাংলাদেশ ও নেপালের। কাল সন্ধ্যায় মুখোমুখি হওয়ার আগেই দুই দল ‘বিনা যুদ্ধে’ উঠে যায় শেষ চারে।