গ্রুপ পর্বেই সাফের সমাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের আক্রমণের মুখে বেসামাল বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম। কাল এমন অগোছালো ফুটবল খেলেই মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই হারে বিদায়ঘণ্টাও বেজেছে মামুনুলদের l ছবি: সাফসুজুকিকাপ ওয়েবসাইট
মালদ্বীপের আক্রমণের মুখে বেসামাল বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম। কাল এমন অগোছালো ফুটবল খেলেই মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই হারে বিদায়ঘণ্টাও বেজেছে মামুনুলদের l ছবি: সাফসুজুকিকাপ ওয়েবসাইট

গ্যালারির এক কোনায় লাল জার্সিতে আবৃত সমর্থকদের দিকে ছুটে গেলেন মালদ্বীপের খেলোয়াড়েরা। সেই ছুটে যাওয়ার মধ্যে ঠিকরে বেরোচ্ছিল গর্ব। সাফের সেমিফাইনালে ওঠার আনন্দময় বিকেলটা আলী আশফাকদের মুখে ছড়িয়ে দিয়েছে লম্বা হাসির রেখা। খানিকটা দূরে ডাগ-আউটের নিচে বিষণ্ন বাংলাদেশের ফুটবলারদের পৃথিবীতে তখন সাফ থেকে বিদায় নেওয়ার উথাল-পাতাল ঢেউ।
শেষ পাঁচ মিনিটে যেন ত্রিবান্দ্রাম শহরের সব অট্টালিকা ভেঙে পড়ল বাংলাদেশ দলের ওপর। ১ গোলে হারতে হারতে যখন ১-১, ম্যাচের বয়স ৮৭ মিনিট। ১ পয়েন্ট এলেও ক্ষীণ আশা বেঁচে থাকত। কিন্তু ৮৯ মিনিটে আর যোগ করা চার মিনিট সময়ের দ্বিতীয় মিনিটে মালদ্বীপের দু-দুটি গোলে কফিনে শেষ পেরেকটিও ঠোকা সারা।
দুঃখটা এখানেই যে, দু-একবার খারাপ হতেই পারে। কিন্তু বাংলাদেশের সাফ অভিযান যেন মৌসুমি প্লাবণের মতো সব আশা ধুয়েমুছে দিতে ফিরে ফিরে আসছে! দিল্লি, কাঠমান্ডুর পর ত্রিবান্দ্রাম—টানা তিনটি সাফের গ্রুপ থেকেই বিদায় নিল বাংলাদেশ। সাফ জিততে এসে উল্টো চরম ব্যর্থতা। জাতীয় দলে মেধাবী ফুটবলারের কতটা অভাব তা এতেই বেরিয়ে আসছে। কেরালা সাফকে দুই ম্যাচ পরই ‘টা টা’ বলে দিলেন মামুনুলরা।
অথচ আফগানিস্তানের কাছে ৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর ফুটবলাররা লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটি আসলে মুখেই। মাঠে লড়াই আর জয়ের তৃষ্ণা কোথায়? কিছুদিন আগেও লোডভিক ডি ক্রুইফের সময় নিচ থেকে খেলা তৈরি করত বাংলাদেশ, কিছু পাস তারা টানা খেলত। সেই সামর্থ্যটা হঠাৎ কারা যেন শুষে নিয়েছে। সৃষ্টিশীল কিছু করার সামর্থ্য নেই এই দলের।
তবু কাল ম্যাচের শুরুটা আশা জোগাচ্ছিল হতাশার গল্পে সাময়িক দাঁড়ি পড়লে পড়তেও পারে। কোচ মারুফুল হক একাদশে চারটি পরিবর্তন আনলেন। অসুস্থতা কাটিয়ে জামাল ভূঁইয়ার ফেরা, সঙ্গে ওয়ালী ফয়সাল, তপু বর্মণ ও রায়হান। ইয়ামিন মুন্না, সোহেল রানা ও দুই নাসির বাদ। যার অর্থ রক্ষণটা এদিন প্রায় বদলেই ফেলেন মারুফ। তবে আফগান ম্যাচে বাজে গোল খেলেও গোলরক্ষক সোহেলের ওপরই রাখলেন আস্থা। সেই আস্থার প্রতিদানও দিচ্ছিলেন সোহেল। ওয়ালী-জামালও চনমনে। ওয়ালী বেশ কয়েকবার বাঁ দিকের উইং ধরে উঠে ক্রস তুললেন। জামাল আক্রমণ তৈরিতে রাখছিলেন ভূমিকা।
কিন্তু গোলটা করবেন কে? শাখাওয়াত রনি? তাঁকে তো প্লেটে সাজিয়ে দিলেও মুখে তুলতে পারেন না। প্রতিপক্ষ গোলরক্ষক সরে গিয়ে ফাঁকা পোস্ট ছেড়ে দিয়ে যদি বলেন, ‘আয় গোল কর’, তবু পারবেন বলে মনে হয় না। নইলে কাল ১: ১ অবস্থায় টোকা দিলেই গোল করার পরিস্থিতিতে এমন তালগোল পাকাবেন কেন! যেখানে জাহিদের হেড একটু আগেই লাগল সাইড পোস্টে। গোল করার ব্যর্থতার সঙ্গে নিজেদের রক্ষণে প্রথম ৩০ মিনিটেই বাংলাদেশ দল মালদ্বীপকে উপহার দিল ছয়টি ফ্রি-কিক!
ওয়ালী তো নিজেদের পোস্টমুখী শট অসর্তকতায় বক্সে হাতে লাগিয়ে ডেকে আনলেন বিপদ। মালদ্বীপ অধিনায়ক আশফাকের পেনাল্টি শটটা ডান দিকে ঝাঁপিয়ে হাতে লাগালেও সোহেল আটকাতে পারেননি। ৪১ মিনিটে গোল খেয়ে বিরতিতে ড্রেসিংরুমে যাওয়ার পথে বাংলাদেশের খেলোয়াড়দের শরীর থমকে যাচ্ছিল।
দ্বিতীয়ার্ধে কোথায় একটু গুছিয়ে নেওয়ার বদলে হলো খাপছাড়া ফুটবলের প্রদর্শনী। মামুনুলের ব্যর্থতা চোখে লাগছিল বারবার। ম্যাচটা শুরুই করেছিলেন কয়েকটি ভুল পাস দিয়ে। অধিনায়কও এবার গোটা দলের মতো নিজের কঙ্কাল! ফ্রি-কিক, কর্নার সব তিনিই নিতে গিয়ে চূড়ান্ত রকম এলোমেলো। একটা বলও ঠিকভাবে তুলতে পারেননি। মামুনুল যখন পারছেন না, ফ্রি-কিক, কর্নার অন্য কেউ নিলেন না কেন?
আশার বাতি যখন নিভছে, ঠিক তখনই ৮৭ মিনিটে হেমন্তর শট বদলি ফরোয়ার্ড সোহেল রানার মাথা ছুঁয়ে ১-১। শেষ সময়ে প্রাণ এল কিছুটা। ওয়ালী-জামালদের তুলে জীবন, জুয়েল ও সোহেল রানাকে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা চলল। কিন্তু মালদ্বীপের কোচ রিকি হার্বার্টের তিন বদলির দুজনই গোল করে ছিনিয়ে নিলেন জয়। এই তো ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক! হাসান নিয়াজের দুর্দান্ত ব্যাক ফ্লিকে ২-১ করা গোলটা অসাধারণ। অতিরিক্ত সময়ে প্রতি আক্রমণ থেকে নাশিদ ৩-১ করে দিলেন মাথা ঠান্ডা রেখে।
এই স্কোরলাইনে তিরবিদ্ধ যেন বাংলাদেশের ফুটবল। ত্রিবান্দ্রামের আকাশ-বাতাস তো আর সেটা জানে না!