
শ্রীলঙ্কাই করে দিয়েছিল আসল কাজটা। মালয়েশিয়ার বিপক্ষে লঙ্কানদের অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ-নেপাল দুই দলই। চাপটা তাই স্বাগতিক দলের ঘাড়ের ওপর থেকে সরে গিয়েছিল আগেই। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা যোগ করলে বাংলাদেশের তো জেতারই কথা। নেপালের সঙ্গে জয়ের টাটকা একটা স্মৃতি নিয়ে মাঠে নামা। এমন অনুকূল পরিবেশ সঙ্গী করে খেলতে নামার সুযোগ কালেভদ্রে আসে বাংলাদেশের সামনে।
কিন্তু স্কোরলাইনে সেটির প্রভাব পুরোপুরি মিলবে না। ০-০ স্কোরলাইন বরং বলছে, চাপমুক্ত হয়ে খেলার সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ দল। সান্ত্বনা হতে পারে এই ড্রয়ে ক্ষতি কিছু হয়নি। বঙ্গবন্ধু গোল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা ঠিকই পূরণ করেছে স্বাগতিক দল। অবশ্য নেপালের সঙ্গে সমান ৫ পয়েন্ট নিয়ে গোলগড়ই সাহায্যের হাত বাড়িয়েছে মামুনুলদের দিকে।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও তাই অতৃপ্ত বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয়ের আশা নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে এসেছিলেন কয়েক হাজার দর্শক। সেই আশাটা বাড়াবাড়ি ছিল না মোটেও। নেপালের মূল জাতীয় দল নয়, এটি তাদের অনূর্ধ্ব-২৩ দল। সেই দলের সঙ্গে পুরো শক্তির বাংলাদেশ জাতীয় দল গোল করতে না পারায় হতাশ খোদ কোচ মারুফুল হকই। নির্ভার ম্যাচেও চলল গোল না পাওয়ার আক্ষেপ।
অথচ পোস্টের নিচে গত ম্যাচে ভরসা দেওয়া আশরাফুল রানা কালও সময়মতো ভালো সেভ করেছেন। প্রথমার্ধের মাঝামাঝি আদিত্যর ফ্রি-কিক রুখেছেন দারুণ দক্ষতায়। বাংলাদেশের রক্ষণ সতর্ক থাকায় খুব বেশি ফাঁকা জমিন পায়নি প্রতিপক্ষ। তারপরও সুযোগ পেয়ে অতিথি দলের হেমার গুড়ং বাইরে মেরেছেন। আরও কয়েকটি সুযোগ নেপাল হারিয়েছে এলোমেলো শট নিয়ে। তবে নেপাল গোল করতে না পারুক, গোল না খেয়ে নৈতিক জয়টা তাদেরই।
কিন্তু বাংলাদেশের জন্য এই ড্রটা এক অর্থে হারেরই সমান। দ্বিতীয়ার্ধের কিছু সময় নেপালের প্রাধান্য বাদ দিলে বাংলাদেশই আক্রমণে ছিল বেশি। প্রচুর বল গেছে নেপালের ‘ডিফেন্সিভ থার্ডে’। কিন্তু কেউ শেষ কাজটা ঠিকঠাক করতে পারলেন না। শাখাওয়াত রনি, জীবন, হেমন্ত কেউই নন। তারই ফল—পাঁচ-ছয়টি সুযোগ নষ্ট। শেষ দিকে গোলের জন্য মরিয়া অবস্থায় গোলরক্ষককে একা পেয়েও শাখাওয়াতের শট গেল বারের ওপর দিয়ে। যা নিয়ে বাংলাদেশ দলে বিস্তর আক্ষেপ। এর আগে হেমন্ত অন্তত দুবার বল বাইরে পাঠিয়ে গোলের জন্য অপেক্ষা বাড়িয়েছেন। গোলমুখী বল জীবনের পায়ে লেগে চলে গেছে বাইরে। অধিনায়ক মামুনুল ইসলামের ফ্রি-কিক যায় বারের ওপর দিয়ে।
জামাল ভূঁইয়া বরং চোখ কাড়লেন আলাদা করে। এদিন আক্রমণে যোগ দিয়েছেন অন্য দিনের চেয়ে বেশি। গোলেও তাঁর দু-তিনটি শট ছিল। অনেকের চোখে ম্যাচসেরার পুরস্কারটা পেতে পারতেন জামালই। তবে বিচারকদের রায়ে পুরস্কারটা উঠল মাঝমাঠে পরিশ্রম করে খেলা মিডফিল্ডার মোনায়েম রাজুর হাতে। জাহিদকে ‘বিশ্রাম’ দিয়ে এদিন তাঁকে একাদশে রাখেন কোচ।
ব্যক্তিগত পুরস্কার রাজুকে আন্দোলিত করে থাকবে। তবে নেপালের তরুণ দলও বাংলাদেশকে যখন আটকে দেয়, ‘আমাদের ফরোয়ার্ডদের মানই এমন’ বলে নিজের আক্ষেপটা প্রকাশ করেন কোচ মারুফুল হক। গোল নষ্ট করা দেখে তিনি বিরক্তও। সাফ থেকেই আক্রমণভাগের ব্যর্থতা নিয়ে বলে আসছিলেন মারুফ। সেমিফাইনালে কোচকে ভুল প্রমাণ করতে পারবেন মামুনুলরা?
বাংলাদেশ দল: আশরাফুল, নাসিরুল (রায়হান) ইয়াসিন, ইয়ামিন, নাসির উদ্দিন, জামাল, মামুনুল, রাজু, হেমন্ত (জুয়েল রানা), শাখাওয়াত রনি, জীবন (সোহেল রানা)।