গ্রেপ্তার হয়েছিলেন রোনালদোর মা

মাদ্রিদ শহরের এই মুহূর্তের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটির মাকেই আটকে দিয়েছিল শহরটির বিমান বন্দর কর্তৃপক্ষ। স্পেন থেকে পর্তুগালের উদ্দেশে যাওয়ার সময় মাদ্রিদের বারাহাস বিমান বন্দরে আটক করা হয় ক্রিস্টিয়ানো রোনালদোর মা দোলোরেস আভেইরোকে। ব্যাগে করে ৫৫ হাজার ইউরো নিয়ে যাচ্ছিলেন তিনি। বিমানে করে স্পেন ছাড়ার সময় সর্বোচ্চ ১০ হাজার ইউরো সঙ্গে নেওয়া যায়। কর্তৃপক্ষকে না জানিয়ে এর বেশি পরিমাণ অর্থ বহন করা অর্থ পাচার অপরাধের আওতায় পড়ে। রোনালদোর মা অনুমোদিত সীমার পাঁচ গুণেরও বেশি টাকা নিয়ে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটেছিল গত এপ্রিলে। সেটি সম্প্রতি ফাঁস হয়েছে স্পেনের সংবাদমাধ্যমে। বিশ্বের শীর্ষ বার্তা সংস্থা এএফপিও দিয়েছে খবরটি। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাঁকে। কেন এত পরিমাণ টাকা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, এর কোনো সদুত্তর দিতে পারেননি রোনালদোর মা। পরে ৪৫ হাজার ইউরো বাজেয়াপ্ত করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই অঙ্কটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকার সমান! এখন স্পেনের কর বিভাগকে ব্যাখ্যা দিতে হবে কেন এত টাকা সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন তিনি না জানিয়ে।
বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজনের মা। তবে আইন তো সবার জন্যই সমান। এমনিতে নাজুক অর্থনীতির কারণে স্পেনের কর বিভাগ বেশ নড়েচড়ে বসেছে।
এর আগে ফুটবল দুনিয়ায় প্রচুর টাকা নিয়ে সর্বশেষ আটক হওয়ার খবর দিয়েছেন মারিও বালোতেল্লি। যখন জিজ্ঞেস করা হয়েছিল, সঙ্গে এতগুলো টাকা নিয়ে যাচ্ছেন কেন, বালোতেল্লি সাফ জবাব দিয়েছিলেন: কারণ আমি ধনী!