ঘটন-অঘটনের প্রথম রাউন্ড
গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে পৌঁছেছে শতবার্ষিকী কোপা আমেরিকা। কোয়ার্টার ফাইনাল শুরুর দিনে ফিরে দেখা যাক ঘটনাবহুল এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড—
১৯ বছর পর উরুগুয়ে
মেক্সিকোর কাছে ৩-১ গোলের হার দিয়ে এবারের কোপা আমেরিকা শুরু হয়েছিল উরুগুয়ের। পরের ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলের হার গ্রুপ পর্ব থেকেই উরুগুয়ের বিদায় নিশ্চিত করে দেয়। কোপার ইতিহাসের সফলতম দলটি এর আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ১৯৯৭ সালে। শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে সান্ত্বনার জয় পেলেও এরই মধ্যে প্রশ্ন উঠে গেছে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের থাকা-না থাকা নিয়ে।
১৯ মিনিটের মেসি-জাদু
কিছুটা চোট নিয়েই কোপায় খেলতে এসেছিলেন লিওনেল মেসি। চিলির বিপক্ষে প্রথম ম্যাচটা খেলতে পারেননি, পানামার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন না। তবে মাঠে নামলেন ৬১ মিনিটে। ৬৮ মিনিটে হিগুয়েইনের পাস থেকে প্রথম গোল, ৭৮ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ বাঁকানো ফ্রি-কিকে দ্বিতীয়টি। ৮৭ মিনিটে মার্কোস রোহোর পাস থেকে করলেন তৃতীয় গোলটাও। ১৯ মিনিটের জাদুতে হ্যাটট্রিক। যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের কাছে এ এক স্মরণীয় স্মৃতি!
আর্জেন্টিনার জয়রথ
গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে জয়। তিন ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে দিয়েছে ১০ গোল। হট ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে জেরার্ডো মার্টিনোর দল সেই তকমা ধরে রেখেছে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পা রেখে। কোপা আমেরিকার শিরোপার জন্য আর্জেন্টিনার ২৩ বছরের অপেক্ষা কি ফুরাবে এবার?
সুয়ারেজের হতাশা
সুয়ারেজ খেলতে চেয়েছিলেন। কিন্তু কোচের দাবি, উরুগুইয়ান স্ট্রাইকার পুরো ফিট ছিলেন না। ভেনেজুয়েলার সঙ্গে বাঁচা-মরার ম্যাচে দল পিছিয়ে থাকা অবস্থায়ও তাঁকে নামাননি কোচ অস্কার তাবারেজ। খেলেননি আসলে একটি ম্যাচেও। তাঁকে ছাড়া উরুগুয়েও ছিল ছন্নছাড়া। শতবার্ষিকী কোপায় সুয়ারেজকে অসহায় দর্শক হয়েই দেখতে হলো দলের বিদায়!

ব্রাজিলের আরেকটি লজ্জা
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে ৭-১ গোলের জয় আশা জাগিয়ে তুলেছিল ব্রাজিলের। কিন্তু শেষ ম্যাচে পেরুর রাউল রুইদিয়াজের বিতর্কিত হ্যান্ডবল গোলে টুর্নামেন্ট থেকে বিদায়-ঘণ্টা বাজল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২৯ বছর পর এই প্রথম কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ব্রাজিল। আর এই হারের ধাক্কায় চাকরি খোয়ালেন কোচ কার্লোস দুঙ্গা।