‘ঘর ঠিক নেই’ বলেই আর্সেনালের কাছে হার চেলসির

চেলসির ডিফেন্ডার সিজার আজপিলিকেতাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে ম্যাচ মানেই বাড়তি সুবিধা—খেলার জগতে এটা সর্বজন স্বীকৃত। কিন্তু সেই ঘর যদি ঠিকই না থাকে, তাহলে সেই সুবিধা কীভাবে নেবে কোনো দল! কাল ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে চেলসি ৪–২ গোলে হেরে যাওয়ার পর টমাস টুখেল তেমন কথাই বললেন। চেলসির কোচ হারের দায় চাপালেন নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজের ওপর।

নিজেদের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। আন্দ্রেয়াস ক্রিস্টিয়েনসেনের ব্যাক–পাসের ভুলের সুযোগ নিয়ে আর্সেনালকে এগিয়ে দেওয়া গোলটি করেন এডি এনকেতিয়াহ। আর্সেনালের ইংলিশ স্ট্রাইকারের চাপে ব্যাক–পাসটি দিতে বাধ্য হয়েছিলেন ক্রিস্টিয়েনসেন। কিন্তু সেই ব্যাক–পাস ছিল অনেকটাই উদ্দেশ্যহীন। দৌড়ে এগিয়ে গিয়ে সেই ব্যাক–পাস ধরে বল জালে পাঠান কেতিয়াহ।

চেলসির কোচ টমাস টুখেল
ছবি: রয়টার্স

শুরুর সেই গোলের ধাক্কা কাটিয়ে টিমো ভেরনার চেলসিকে সমতায় ফেরান ১৭ মিনিটে। কিন্তু স্মিথ রোয়ের গোলে আবার এগিয়ে যায় আর্সেনাল। ৩২ মিনিটে চেলসিকে আবার সমতায় ফেরান আজপিলিকেতা। কিন্তু ৫৭ মিনিটে কেতিয়াহর দ্বিতীয় গোলের সঙ্গে যোগ করা সময়ে সাকার পেনাল্টি গোল মিলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

জোড়া গোল করা এডি কেতিয়াহকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বসিত আর্সেনালের কোচ সিকেল আরতেতা
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে চেলসি কোচ টুখেল হারের দায় চাপালেন মাঠের ওপর, ‘আমাকে বলতেই হচ্ছে এই মাঠে খেলাটা খুব কঠিন। এটাকে আপনাদের কাছে অজুহাত মনে হতে পারে। কিন্তু সত্যি এটাই যে আমাদের মাঠটা আসলেই খুব কঠিন। এটা আমাদের সুবিধা দেয় না। বল এখানে বেশি বাউন্স করে।’ ক্রিস্টিয়েনসেনের ব্যাক–পাসের ভুলটিও এ কারণেই হয়েছে বলে মনে করেন টুখেল, ‘আন্দ্রেয়াসের সামনেও বল খুব বাজেভাবে বাউন্স করেছিল।’

তা যে কারণেই চেলসি হারুক না কেন, এই হারে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশায় বড় একটা ধাক্কাই খেয়েছে তারা। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চেলসি তৃতীয় স্থানেই আছে। কিন্তু টটেনহাম ও আর্সেনাল তাদের ওপর চাপ তৈরি করে যাচ্ছে। ৩২ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান পঞ্চমে।