ঘরবন্দী থাকা জেলে যাওয়ার চেয়ে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের এই সময়ে ঘরে থাকাই নিরাপদ। ছবি: এএফপি
করোনাভাইরাসের এই সময়ে ঘরে থাকাই নিরাপদ। ছবি: এএফপি
>আপনারা যারা মনে করেন ঘরে বন্দী থাকা জেলে থাকার মতো, তাঁরা শুনে দেখুন বার্সেলোনার সাবেক সভাপতি কী বলছেন।

কোথায় ঘরে স্বেচ্ছায় নিজেকে বন্দী রাখা আর কোথায় জেল খাটা। একটার সঙ্গে আরেকটার আকাশ-পাতাল পার্থক্য! করোনায় ঘর বন্দী হয়ে অনেকের মন বিষিয়ে উঠেছে। এক ধাপ এগিয়ে কেউ কেউ তো বলছেন, যেন জেলখানাতে আছি! কিন্তু জেলখানার সঙ্গে কি আর ঘরে বন্দী থাকা মেলানো যায়? বিশ্বাস না হলে বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের কথাই শুনুন। প্রায় দুই বছর জেলে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট বলছেন কারাবন্দী থাকা সময়ের তুলনায় ‘কোয়ারেন্টিন’-এ থাকা প্রায় স্বর্গীয় আনন্দ।

দল বদলে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জেল খাটতে হয়েছে রোসেলকে। প্রায় ২ কোটি ইউরো অর্থ জালিয়াতির দায়ে ২০১৭ সালের মে মাসে জেলে যেতে হয়েছিল সাবেক বার্সেলোনা সভাপতিকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। পরে এপ্রিলে তাঁর সকল শাস্তি তুলে নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর এই প্রথম মুন্দো দেপোর্তিভোর কাছে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই জেল খাটার সঙ্গে বর্তমান ঘরবন্দী থাকার পার্থক্য দেখিয়ে দিয়েছেন।

করনার কারণে ঘরে থাকার সরকারি নির্দেশনাকে ভালোভাবেই নিয়েছেন রোসেল, ‘দুই বছরের জেলের তুলনায় ঘরবন্দী হয়ে থাকা তো পবিত্র জলের (খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য) স্পর্শের মতো। কারাগারে ১২ মিটার জায়গায় ছিলাম, এখন তো অনেক বেশি জায়গা পাচ্ছি। আমি এখন পরিবারের সঙ্গে আছি। ভালো খাবার পাচ্ছি। ব্যক্তিগত মানের ঘর পাচ্ছি এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ রয়েছে। যদিও এটি দুই বছর চালিয়ে যাওয়াও অসম্ভব।’

বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা সভাপতি ধরা হয় রোসেলকে। ২০১০ থেকে ২০১৪ তাঁর সময়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বার্সেলোনা। দলের প্রাণভোমরা মেসিকে নিয়েও কথা বলেছেন সাবেক সভাপতি। মেসি ও বার্সেলোনা একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে উঠেছে। তবে মেসিকে ছাড়াও বার্সেলোনা চলতে পারবে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। বার্সেলোনাকে মেসিও যেমন অনেক দিয়েছেন, তেমনি কাতালান ক্লাবটিও মেসির জন্য অনেক করেছেন বলে জানান রোসেল, ‘ইতিহাসে যে কারও থেকে বার্সেলোনায় বেশি অবদান রেখেছেন মেসি। তবে বার্সেলোনাও মেসির জন্য অনেক অবদান রেখেছে। মেসি বিদায় নিলেও তাঁর অবদান ভোলা যাবে না। তবুও বার্সেলোনা সামনের দিকে এগিয়ে যাবে।’

তাঁর সময়েই ২০১৩ সালে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে নেইমারকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। সেই দল বদলের জের ধরে আর্থিক অনিয়মের দায়ে জেলে যেতে হয়েছিল তাঁকে। সেই নেইমারকে নিয়ে কথা হবে না তা কি হয়! মাঝে মাঝেই বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যায় নেইমারকে ঘিরে। সভাপতি হলে নেইমারকে ফেরাবেন কিনা? এমন প্রশ্নে হ্যাঁ জবাব দিয়েছেন রোসেল, ‘হ্যাঁ এই চুক্তির সঙ্গে খেলাধুলা ও সামাজিক বিষয় আছে। নেইমার অনন্য, প্রাকৃতিক প্রতিভা এবং তাঁর বাণিজ্যিক মূল্য রয়েছে।’