ঘরে ফিরলেন বেনিতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ রাফায়েল বেনিতেজের হাতে রিয়াল মাদ্রিদের জার্সি তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ l এএফপি
নতুন কোচ রাফায়েল বেনিতেজের হাতে রিয়াল মাদ্রিদের জার্সি তুলে দিচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ l এএফপি

১১ বছর আগে দেশছাড়া। এরপর সময় কেটেছে ইংল্যান্ড, ইতালিতে। যে শহর জানে তাঁর প্রথম সবকিছু, অবশেষে ফিরলেন সেই মাদ্রিদে। কাল সংবাদ সম্মেলনে রাফায়েল বেনিতেজ তাই নিজের আবেগটা ধরে রাখতে পারলেন না। কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘আজ আমার জন্য অনেক আবেগের একটা দিন। নিজের ঘরে ফিরেছি আমি। আশা করি, এখানে অনেক কিছু জিতব।’
রিয়াল মাদ্রিদের কোচ হয়ে গিয়েছিলেন আগেই। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। সেটাও এসে গেল কাল। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বেনিতেজের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের। এক যুগে রিয়ালের ১৩তম কোচ এই স্প্যানিশ।
স্পেনের সর্বশেষ সময়টা সুখের স্মৃতিই হয়ে আছে ৫৫ বছর বয়সী কোচের কাছে। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে জিতিয়েছেন দুটি লা লিগা। এনে দিয়েছেন উয়েফা কাপও। রিয়ালের হয়ে কি সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারবেন? উত্তরটা সময় দেবে, তবে বেনিতেজ আশাবাদী, ‘এ রকম অসাধারণ সব খেলোয়াড় একসঙ্গে আমি আগে পাইনি। পেরেজের (রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) সঙ্গে আমার কথা হয়েছে। প্রথম হওয়াটাই আমাদের লক্ষ্য। আমাদের সম্ভাব্য সবকিছুই জিততে হবে।’
পূর্বসূরি কার্লো আনচেলত্তি খেলোয়াড়-সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন। রিয়াল-ভক্তরাও বেনিতেজের আসাটাকে খুব ভালোভাবে নেননি। বেনিতেজ জানেন, খেলা দিয়েই সমর্থকদের মন জিততে হবে। আনচেলত্তির সঙ্গেও কথা বলে নিয়েছেন, ‘আমি আনচেলত্তির সঙ্গে কথা বলেছি। তার ব্যাপারে আমার উঁচু ধারণা আছে। আমি আশা করি, আমার বিদায়ের সময়ও খেলোয়াড়েরা একই রকম ভালোবাসা দেবে।’
বেনিতেজের জন্ম, বেড়ে ওঠা মাদ্রিদেই। ১৩ বছর বয়সে একটা শৌখিন দলে খেলার সময় চোখে পড়েছিলেন রিয়ালের। ক্লাবের তৃতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল পরের বছরেই। ১৯ বছর বয়সে স্পেনের জাতীয় বিশ্ববিদ্যালয় দলের হয়ে একটা টুর্নামেন্টে খেলেছিলেন। সেবারেই হাঁটুতে মারাত্মক চোট পান, বলতে গেলে সেটাই খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে দেয়। মাত্র ২৬ বছর বয়সেই খেলাকে বিদায়।
বেনিতেজের কোচিং ক্যারিয়ারটাও অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। সাফল্য যেমন পেয়েছেন, ব্যর্থতাও সঙ্গী হয়েছে। লিভারপুলের হয়ে মহাকাব্যিক চ্যাম্পিয়নস লিগ জয়ের যেমন গৌরব আছে, তেমনি কখনো ইংলিশ প্রিমিয়ার লিগ না জেতার আক্ষেপও আছে। নাপোলিকে তিন বছরে একবারও সিরি ‘আ’ এনে দিতে পারেননি। তবে একটা তথ্য রিয়াল-ভক্তদের আশা জাগাতে পারে, সর্বশেষ যে পাঁচটি দলকে কোচিং করিয়েছেন, প্রথম বছরেই তাদের অন্তত একটি শিরোপা এনে দিয়েছেন। এএফপি, মার্কা, এএস।

এক নজরে বেনিতেজ
জন্ম: ১৬ এপ্রিল, ১৯৬০
জন্মস্থান: মাদ্রিদ, স্পেন

কোচিং ক্যারিয়ার
রিয়াল মাদ্রিদ একাডেমি (১৯৮৬-১৯৯৫), ভ্যালাদোলিদ (১৯৯৫-৯৬), ওসাসুনা (১৯৯৬-৯৭), এক্সত্রেমেদুরা (১৯৯৭-৯৯), টেনেরিফে (২০০০-০১), ভালেন্সিয়া (২০০১-০৪), লিভারপুল (২০০৪-১০), ইন্টার মিলান (২০১০-১০), চেলসি (২০১২-১৩), নাপোলি (২০১৩-১৫) রিয়াল (২০১৫-)

অর্জন
চ্যাম্পিয়নস লিগ (১), ফিফা ক্লাব বিশ্বকাপ (১), ইউরোপিয়ান সুপার কাপ (১), ইউরোপা লিগ (২), এফএ কাপ (১), কোপা ডে ইতালিয়া (১), ইতালিয়ান সুপার কাপ (২), এফএ কমিউনিটি শিল্ড (১)