ঘরে ফিরলেন লিভারপুলের 'ঘরের ছেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাডেমির কোচ হয়ে আবার লিভারপুলে ফিরছেন স্টিভেন জেরার্ড। ছবি: লিভারপুল।
একাডেমির কোচ হয়ে আবার লিভারপুলে ফিরছেন স্টিভেন জেরার্ড। ছবি: লিভারপুল।

প্রায় ২০ মাস আগে আবেগঘন বিদায় জানিয়ে ছেড়ে গিয়েছিলেন ক্লাব। ক্লাব তো শুধু নয়, বলতে গেলে তাঁর ‘ঘর’ এটি। যেখানে তাঁর নাড়ি পোঁতা, ১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন যে ক্লাবের জার্সিতে। সেখানেই আবার ফিরছেন স্টিভেন জেরার্ড। তবে খেলোয়াড় নয়, কোচ হিসেবে। গতকাল লিভারপুলের একাডেমিতে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে যোগ দিয়েছেন অলরেড কিংবদন্তি।

ফুটবল ছাড়ার পর কোচিংকেই যে পেশা হিসেবে বেছে নেবেন, সেটি অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। গত নভেম্বরে তাই ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, লিভারপুলেই আবার কোচ হিসেবে ফিরতে পারেন জেরার্ড। এখনো উয়েফা প্রো লাইসেন্স পাননি, যেটি না পেলে ইউরোপের শীর্ষ লিগে কোচিং করানো যায় না। এই মুহূর্তে জেরার্ড ‘পড়ালেখা’ করছেন উয়েফা ‘এ’ লাইসেন্সের জন্য, যা দ্বিতীয় স্তরের ক্লাব বা যুবদলে কোচিং করানোর জন্য যথেষ্ট।
মাঝে তৃতীয় বিভাগের দল মিলটন কেইনস ডনস ফুটবল ক্লাব থেকে কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু জেরার্ডের মন যে বাঁধা ছিল লিভারপুলেই। ৭ বছর বয়সে যে ক্লাবের একাডেমিতে শুরু হয়েছিল তাঁর ফুটবল পাঠ, সেখানেই কাল ফিরলেন তিনি। এখনো ক্লাবের একাডেমির ঠিক কোন দলটিকে কোচিং করাবেন, তা নিশ্চিত হয়নি। লিভারপুলের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘স্টিভি জি’ কাজ করবেন ‘ফ্লোটিং রোলে’।
দায়িত্ব যা-ই হোক, আপাতত প্রাণপ্রিয় ক্লাবে ফিরেই খুশি জেরার্ড। আনুষ্ঠানিক ঘোষণার পর সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘মনে হচ্ছে একটা বৃত্তপূরণ হলো। পেশাদার ক্যারিয়ারের সবকিছু যেখানে শুরু হলো, সেখানেই আবার ফিরলাম। এই ফুটবল ক্লাবটা আমার কাছে কতটা মূল্যবান, সেটি নতুন করে বলার তো আর কিছু নেই। তবে এখানে ফেরাটা সব সময়ই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। চেয়েছিলাম দায়িত্বটা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নিয়ে ফিরতে, যেখানে আমি ক্লাবটিকে অনেক বেশি সাহায্য করতে পারব।’
অলরেডদের জার্সি গায়ে ২০০৫ চ্যাম্পিয়নস লিগই ছিল তাঁর সবচেয়ে বড় অর্জন। এর বাইরে এফএ কাপ, লিগ কাপ, উয়েফা কাপ সবই জেতা হয়েছে লিভারপুলের কিংবদন্তি অধিনায়কের। জেতা হয়নি শুধু লিগ শিরোপা।
কে জানে, হয়তো কোনো একদিন ডাগআউটে থেকে সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার স্বপ্নই হয়তো দেখছেন লিভারপুলের ‘ঘরের ছেলে’। সূত্র: গোলডটকম।