ঘরেই অবহেলিত মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনের ভেন্যু নিয়ে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। ফেডারেশন থেকে দেওয়া অনুশীলনসূচির ঘন ঘন বদল হচ্ছে, কিন্তু বাফুফের মহিলা কমিটিকে জানানো হচ্ছে না কিছুই। কিন্তু এএফসি অনূর্ধ্ব–১৬ ফুটবলে অংশ নেওয়া অন্য দলগুলো অনুশীলন করতে পারছে নির্বিঘ্নেই।
কাল বিকেলে বাংলাদেশের মেয়েদের অনুশীলন করার কথা ছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। কিন্তু দুপুরে কোচ গোলাম রব্বানী জানতে পারেন, সেখানে অনুশীলন করা যাবে না। ওই সময় কমলাপুরে চলবে প্রথম বিভাগের ম্যাচ।
জাতীয় ও অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের একই সঙ্গে অনুশীলন করাচ্ছেন জাপানি কোচ নরিও সুকিতাতে। হঠাৎ অনুশীলনের ভেন্যু বদলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ তিনি। কাল দুপুরে বাফুফে ভবনে উত্তেজিত নরিও বলছিলেন, ‘এই ফেডারেশন কে চালায়? কার নিয়ন্ত্রণে এটি? এখন তাহলে কোথায় গিয়ে মেয়েরা অনুশীলন করবে?’ খানিক পরে বাফুফে কর্মকর্তাদের টনক নড়ে। শেষ পর্যন্ত তড়িঘড়ি করে বুয়েট মাঠে অনুশীলনের ব্যবস্থা করা হয় মেয়েদের।
মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মনে করেন বাফুফের একটি গোষ্ঠীর কারণেই মেয়েদের অনুশীলন নিয়ে এসব ঘটছে, ‘মেয়েদের এমন সাফল্য বাফুফের অনেকেই মানতে পারছে না। এ জন্যই মেয়েদের অনুশীলন নিয়ে এত ঝামেলা করছে তারা। এখানে কাজের কোনো সমন্বয় নেই।’