
প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হার দেখে অনেকেই চট্টগ্রাম আবাহনীকে নিয়ে আশাহত হয়ে পড়েছিলেন। হাতে গোনা তিন-চার দিনের অনুশীলনে এমন আন্তর্জাতিক টুর্নামেন্টে আসলে খেলা কঠিন। কিন্তু পরের দুটি ম্যাচেই ঢাকা আবাহনী ও করাচি ইলেকট্রিককে হারিয়ে সেই দলটিই ফিরে পেল আত্মবিশ্বাস। সেমিফাইনালে উঠে আজ তো ফাইনালেই পা রাখার স্বপ্ন। তাই স্বাগতিক দলকে নিয়ে প্রত্যাশার বেলুন রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে।
সেই বেলুনটাকে ফুটো করে দিতে একরোখা দেখাচ্ছে আফগানিস্তানের ডি স্পিন গর বাজানকে। বাজান দলটা বেশ নজর কেড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে। গ্রুপ পর্বে কোনো হার নেই, দুই জয় আর এক ড্র নিয়ে শেষ চারে পৌঁছে আজ তো চট্টগ্রাম আবাহনীর স্বপ্নকে শেষই করে দিতে চায়।
সেই সামর্থ্য এবং সাহস দুটোই বাজানের আছে। মূলত গতির ওপর খেলে দুটো উইং থেকে অনবরত ক্রস ফেলে বক্সে। দলে বেশ কয়েকজন ভালো শুটার, হেডার। লড়াইয়ের আকাঙ্ক্ষাও ওদের তীব্র। পরশু শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসির কাছে পিছিয়ে পড়েও যেভাবে শেষ দিকে তিন গোল করেছে, একটা বড় করতালি প্রাপ্যই। সবচেয়ে বড় সুবিধা দলটির শারীরিক সামর্থ্য। চট্টগ্রাম আবাহনীর চেয়ে বাজান এখানে এগিয়েই থাকবে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শুরু প্রথম সেমিফাইনালে।
স্বাগতিক দলের বড় অনুপ্রেরণা ঘরের মাঠের দর্শক। প্রতিযোগিতার প্রথম দিকে দর্শক একটু কম থাকলেও চট্টগ্রাম আবাহনীসহ ঢাকা মোহামেডান ভালো করায় এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় বেড়েছে। আলোকসজ্জায় বর্ণিল স্টেডিয়াম চত্বরটা সন্ধ্যার পর গমগম করছে লোকে। নিশ্চিত করেই মনোরম এই পবিবেশে ভিড়টা আজ অনেক বাড়বে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাজান কোচ ওয়াহেদুল্লাহ অবশ্য স্বাগতিকদের দর্শক সমর্থনকে বড় করে দেখতে চাইলেন না। একটা কথাই বারবার বলতে চাইলেন, ‘প্রতিপক্ষ ভালো দল। তবে ওদের দুর্বলতা আছে এবং সেটা নিয়ে আমরা কাজ করেছি।’
প্রস্তুতিস্বল্পতায় শুরুর দিকে মাঠের খেলায় বেশ দুর্বলতা ছিল চট্টগ্রাম আবাহনীর। তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। এটা জানাই, শেখ রাসেল দলটাই মূলত খেলছে বন্দর নগরীর দলটির জার্সি গায়ে। ওই দলের জাহিদ-এমিলি-মিঠুন-হেমন্তদের মধ্যে সমন্বয়টা বেড়েছে বলেই চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলামের কণ্ঠে এখন আশার গান।
বাজান শক্তিশালী দল, টুর্নামেন্টের অন্যতম ফেবারিট...আর সবার মতো মানিকও এক বাক্যে তা মেনে নিলেন সংবাদ সম্মেলনে। তবে ধীরে ধীরে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা পেতে শুরু করেছেন বলে বেশ উজ্জীবিতও, ‘ইনশা আল্লাহ আমরা ফাইনালে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী।’
মানিকের পাশে বসে অধিনায়ক জাহিদ হাসান এমিলির কণ্ঠেও শোনা গেল দৃঢ়তা। চট্টগ্রামবাসীকে ফাইনাল উপহার দেওয়ার প্রতিজ্ঞা ঠিকরে বেরোচ্ছে দলের প্রতিটি খেলোয়াড়ের চোখে-মুখে। আগের ম্যাচে হ্যাটট্রিক করে তেতে থাকা জাহিদ ঘোষণার সুরেই বলেছেন, ‘অবশ্যই দলকে ফাইনালে নিতে চাই।’
সেই লক্ষ্য পূরণে আয়োজকেরা অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। ম্যাচ জিতলে বোনাস, এটা-ওটা উপহারের ঘোষণা। চট্টগ্রামের সংগঠকেরা সাগ্রহে অপেক্ষা করছেন দলকে ফাইনালে দেখতে। টুর্নামেন্টটা তাহলে ষোলআনাই সার্থক হয়!