ঘরের ছেলে হতাশা উপহার দিল আর্সেনালকে

৩ পয়েন্ট পেতে পেতে ১ পয়েন্ট পাওয়ার হতাশাই সঙ্গী হয়েছে ভিয়েরারছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত সুখস্মৃতি এই দলের সঙ্গে তাঁর!


১৯৯৬ সালে স্বদেশি কোচ আর্সেন ওয়েঙ্গারের টানে শক্তিশালী এসি মিলান ছেড়ে নাম লিখিয়েছেন আর্সেনালে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে দলকে জিতিয়েছেন তিনটি লিগ। এফএ কাপ জিতেছেন চারবার, কমিউনিটি শিল্ড তিনবার। এমনকি দলের হয়ে নিজের শেষ ম্যাচেও জিতেছেন এফএ কাপ। গানারদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক এই ফরাসি। এরপর ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানের মতো দলের হয়ে খেললেও আর্সেনালের সমর্থকেরা এখনো তাঁকে ঘরের ছেলে হিসেবেই মানে।

ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন কাল
ছবি : রয়টার্স

সেই প্যাট্রিক ভিয়েরাই গত রাতে ঘরে ফিরেছিলেন, আর্সেনালের মাঠে। তবে ভূমিকা বদলে গিয়েছে। খেলোয়াড় হয়ে মাঠ মাতানো ভিয়েরা এখন পুরোদস্তুর ম্যানেজার। কোচিংয়ে হাত মকশো করছেন ক্রিস্টাল প্যালেসের হয়ে। ২-২ গোলে সমতায় শেষ হয়েছে এই আবেগের ম্যাচ।


এই মৌসুমেই দায়িত্ব নিয়েছেন দলটার, খেলার ধরনই বদলে দিয়েছেন। বদলে যাওয়া ক্রিস্টাল প্যালেসের কাছে আরেকটু হলেই গত রাতে হারতে বসেছিল আর্সেনাল, নিজেদের মাঠে। কিন্তু শেষ মুহূর্তে ভিয়েরার স্বদেশি স্ট্রাইকার আলেকসাঁদ্র লাকাজেত বাঁচিয়েছেন গানারদের। ফলে ৩ পয়েন্ট পেতে পেতে ১ পয়েন্ট পাওয়ার হতাশাই সঙ্গী হয়েছে ভিয়েরার। ওদিকে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুইয়ে লিগে ১২তম স্থানে চলে গেছে আর্সেনাল।

আট মিনিটেই অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় গানাররা
ছবি : রয়টার্স

২০০৮ সালের পর এই প্রথম সাবেক কোনো আর্সেনালের খেলোয়াড় কোচ হিসেবে আর্সেনালের মাঠে ফিরেছিলেন। সেবার পোর্টসমাউথের কোচ হয়ে আর্সেনালে ফিরেছিলেন সেন্টারব্যাক টনি অ্যাডামস।


শুরুতে গোল আর্সেনালই করেছিল। মাঝমাঠে জাপানি রাইটব্যাক তাকেহিরো তোমিয়াসুর সঙ্গে বলের আদান-প্রদান করে ডান উইং থেকে গোল করার জন্য বাঁ পায়ে বাঁকানো শট নেন আইভোরিয়ান উইঙ্গার নিকোলাস পেপে। স্প্যানিশ গোলকিপার ভিসেন্তে গুয়াইতা সে শট আটকালেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি; বল চলে যায় সামনেই ওত পেতে থাকা আর্সেনালের অধিনায়ক গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের কাছে। আট মিনিটেই এগিয়ে যায় গানাররা।

গোলের পর বেনটেকের উল্লাস
ছবি : রয়টার্স

ইতিহাসে এই প্রথম কোনো আর্সেনালের অধিনায়ক এমন এক ম্যাচে গোল করলেন, যে ম্যাচে আর্সেনালের কোচের দায়িত্বে আছেন আর্সেনালেরই সাবেক অধিনায়ক, প্রতিপক্ষ কোচ হিসেবেও আছেন আর্সেনালের সাবেক আরেক অধিনায়ক!


২০১৮ সালের ৩ ফেব্রুয়ারিতে আর্সেনালের হয়ে অভিষেক হওয়ার পর এ নিয়ে ১৫৬ ম্যাচে ৯১ গোল করেছেন অবামেয়াং। এই সময়ে অবামেয়াংয়ের চেয়ে বেশি গোল শুধু লিভারপুলের উইঙ্গার মোহাম্মদ সালাহ (১৮০ ম্যাচে ১০৯ গোল) ও টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইনের (১৫১ ম্যাচে ৯৯ গোল)।

দ্বিতীয় গোল করেন এডওয়ার্ড
ছবি : রয়টার্স

৫০ মিনিটেই গোল শোধ করে দেয় ক্রিস্টাল প্যালেস। মাঝমাঠে ঘানার স্ট্রাইকার জর্ডান আইয়ুর কাছ থেকে বল নিয়ে দুর্দান্তভাবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন প্যালেসের বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে। ৭৩ মিনিটে আরেক স্ট্রাইকার ওডসোনে এডওয়ার্ড গোল করে এগিয়ে দেন প্যালেসকে। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তখন হুমকির মুখে। কিন্তু বিকল্প স্ট্রাইকার আলেকসাঁদ্র লাকাজেত মাঠে নেমেই খেলার গতিপথ পালটে দেন।

আর্সেনালকে সমতায় ফেরান লাকাজেত
ছবি : রয়টার্স

তাঁর গোলেই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল। উইঙ্গার পেপের ক্রস বক্সের জটলার মধ্যে পড়লে ক্লিয়ার করার চেষ্টায় উল্টো লাকাজেতের পায়ে বল দিয়ে দেয় প্যালেস। সেখান থেকেই ম্যাচে সমতায় আসে আর্সেনাল। গোল হজম করার পর সাইডলাইনে ভিয়েরার হতাশা ছিল দেখার মতো!