ঘরের ছেলের কারণেই তিক্ত রাত বার্সেলোনার

গালাতাসারাইয়ের গোলকিপার ইনাকি পেনাই কাল বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন বার্সার সামনেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে মার্ক আন্দ্রে টের স্টেগেন, নরবের্তো নেতোর মতো অভিজ্ঞ গোলকিপার আছে। তরুণদের মধ্যে আরনাউ তেনাসও ভালো করছেন যথেষ্টই। ইনাকি পেনিয়া বুঝেছিলেন, হাজার কাঠখড় পুড়িয়েও মূল একাদশে হয়তো সুযোগ পাবেন না কখনোই। কিন্তু তাই বলে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকতে কি ভালো লাগে? যে স্বপ্ন নিয়ে গোলকিপারের গ্লাভসজোড়া তুলে নিয়েছিলেন সেই ছোটবেলায়, যে স্বপ্ন নিয়ে লা মাসিয়ায় কাটিয়েছেন প্রতিটি দিন, মাঠেই যদি নামতে না পারেন, তাহলে সেই স্বপ্ন দিয়ে কীভাবে হবে? আর প্রতিযোগিতামূলক ম্যাচই যদি না খেলতে পারেন, কীভাবে নিজের সামর্থ্যের জানান দেবেন?

ইনাকি পেনিয়া তাই নিজের ভাগ্য নিজের হাতেই তুলে নিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, অন্তত ধারে হলেও অন্য কোনো ক্লাবে গিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন। কোচ জাভির সম্মতিতে মৌসুমের শুরুতে যোগ দিলেন তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে। বার্সেলোনার বিপক্ষে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে গত রাতে খেলতে নেমেছিল গালাতাসারাই, গোলবারের নিচে ছিলেন পেনিয়া। এতদিন লা মাসিয়ায় যে নিকো গঞ্জালেস, রোনালদ আরাউহো কিংবা আদামা ত্রাওয়েদের সঙ্গে খেলতেন, সময়ের ফেরে সেই আদামাদের শট ঠেকানোর গুরুদায়িত্বই পড়েছিল পেনিয়ার কাঁধে। সফল হলে বার্সার কোচ জাভির নজরে পড়া যাবে, নিশ্চিত।

অনেক চেষ্টা করেও গোল পায়নি বার্সেলোনা
ছবি: রয়টার্স

সে কাজে লেটার মার্ক নিয়ে পাশ করেছেন পেনিয়া। বার্সেলোনা গোলশূন্য ড্র করেছে গালাতাসারাইয়ের বিপক্ষে। তিন মাসের মধ্যে এই প্রথমবার বার্সেলোনা কোনো ম্যাচে গোল করতে পারল না। বার্সেলোনাকে গোলহীন রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই পেনিয়া। চার-চারটা শট ঠেকিয়েছেন। মেম্ফিস ডিপাইয়ের একটা ফ্রি-কিক থেকে গোল হয়নি পেনিয়ার কারণেই। বুসকেতসের একটা হেড, তোরেস-ত্রাওরেদের শটগুলো ঠেকিয়েছেন ভয়ডর ছাড়াই। পেনিয়ার বীরত্বেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য এখন পরের মাঠে জয়ের জন্য খেলতে হবে বার্সেলোনাকে। আর যে কোনো প্রতিপক্ষের জন্য গালাতাসারাইয়ের মাঠ যে কতটা কঠিন, সেটা নতুন করে বলার কিছু নেই।

জাভি নিজেও পেনিয়ার পারফরম্যান্সে মুগ্ধ, ‘ফলটা মোটেও ভালো ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, চেষ্টা করেছি, কিন্তু অসাধারণ একটা রক্ষণভাগের মুখোমুখি হতে হয়েছে আমাদের। ইনাকি অসাধারণ খেলেছে। মৌসুমের শুরুতে আমাদের পরিকল্পনা ছিল ইনাকিকে ধারে অন্য কোথাও পাঠানো। পরে আবার নিয়ে আসা। সে পরিকল্পনার পরিবর্তন হয়নি। আমি ওকে নিয়ে অনেক খুশি। যদিও সে আমাদের রাতটা তিক্ত করে দিয়েছে।'

গালাতাসারাইয়ের মাঠে এর পর কঠিন পরীক্ষা বার্সেলোনার
ছবি: রয়টার্স

আগামী মৌসুমে পেনিয়াকে দলে ফেরানো যায় কি না, সেটা নিয়ে এখনই চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছেন বার্সেলোনার পরামর্শক জর্দি ক্রুইফ, ‘ইনাকি পেনিয়া ওদের রক্ষণভাগকে অনেক নিরাপত্তা দিয়েছে। শুধু শট আটকানোর দিক দিয়েই নয়, পাস দেওয়ার দিক দিয়েও সে ভালো খেলেছে। দেখা যাক, ও আমাদের সঙ্গে আগামী গ্রীষ্মে থাকে কি না।’

আগামী সপ্তাহে দ্বিতীয় লেগ খেলতে গালাতাসারাইয়ের মাঠ তুর্ক তেলকম আরেনাতে যাবে বার্সেলোনা।