ঘরের বাইরে অচেনা রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রাতটা হতাশায় কেটেছে রোনালদোর
কাল রাতটা হতাশায় কেটেছে রোনালদোর

পরিসংখ্যান বলছে, নিজের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন। লা লিগায় এই মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে ফেলেছেন ১৯টি, এর চেয়ে বেশি গোল করেছেন শুধু লুইস সুয়ারেজ। কিন্তু বার্নাব্যু থেকে বাইরে গেলেই কোথাও যেন একটু সুর কেটে যাচ্ছে। প্রতিপক্ষের মাঠে ইদানীং যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না সি-আর সেভেনকে, পরশু গ্রানাডার বিপক্ষে ম্যাচেও একই দশা। তাহলে কি রোনালদো প্রতিপক্ষের মাঠে গেলে স্নায়ুচাপে ভুগছেন?

লিগে ঘরের বাইরে রোনালদো সর্বশেষ কবে গোল করেছেন, সেটা খুঁজতে বেশ পেছনেই ফিরে যেতে হবে। গত বছরের ২৯ নভেম্বর প্রতিপক্ষের মাঠে সর্বশেষ জয় পেয়েছিল রিয়াল, এইবারের বিপক্ষে ২-০ গোলের জয়ে রোনালদো গোল করেছিলেন একটি। এর পর ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া আর রিয়াল বেটিসের মাঠে গিয়ে হোঁচট খেয়েছে রিয়াল, রোনালদোকেও খুঁজে পাওয়া যায়নি। পরশু গ্রানাডার সঙ্গে মডরিচ শেষ পর্যন্ত জয় এনে দিলেও রোনালদো যেন অদৃশ্যই ছিলেন। পুরো ম্যাচে গোলে একটা শটও নিতে পারেননি। এই মৌসুমে এ নিয়ে মাত্র তৃতীয়বার প্রতিপক্ষের মাঠে গোলে কোনো শট নিতে ব্যর্থ রোনালদো।

অথচ বার্নাব্যুতে চিত্রটা একেবারেই বিপরীত। নিজেদের মাঠে সর্বশেষ দুই ম্যাচে করেছেন পাঁচ গোল, সর্বশেষ পাঁচ ম্যাচে গোল করেছেন নয়টি। আর নিজের সর্বশেষ ১৪টি গোলই এসেছে বার্নাব্যুতেই।

তাহলে কি ‘অ্যাওয়ে’ ম্যাচে অপরিহার্যতা হারিয়ে ফেলেছেন রোনালদো? গতকালের ম্যাচের পর ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক এমিলিও বুত্রাগুয়েনোকে। তিনি অবশ্য স্পষ্ট করেই বলে দিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই একটা বড় হুমকি। হ্যাঁ, এমন দিন আসতে পারে যখন ও ঠিক ছন্দে থাকে না। কিন্তু সে এখনো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। আর ওর জায়গা নিয়ে কোনো প্রশ্ন তোলারই সুযোগ নেই।’

কিন্তু বুত্রাগুয়েনো যতই বলুন, প্রতিপক্ষের মাঠে এমন বিবর্ণ থাকলে প্রশ্ন উঠবেই। রোনালদো নিজেও নিশ্চয় সেটি জানেন!