ঘরের মাঠই আশার ভিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের জন্য গোল দরকার। কিরগিজস্তানের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে হেডে গোল দেওয়ার অনুশীলন করলেন বাংলাদেশ দলের অভিজ্ঞতম দুই খেলোয়াড় মামুনুল-এমিলি। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে l সাজিদ হাসান
জয়ের জন্য গোল দরকার। কিরগিজস্তানের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে হেডে গোল দেওয়ার অনুশীলন করলেন বাংলাদেশ দলের অভিজ্ঞতম দুই খেলোয়াড় মামুনুল-এমিলি। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে l সাজিদ হাসান

চিরব্যস্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে মাইকের আওয়াজ। বাংলাদেশ-কিরগিজস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ নিয়ে গোটা দশেক রিকশা, ভ্যানগাড়ি, মাইক্রোবাস এদিক-সেদিক ঘুরছে। তুমুল লড়াই...উপভোগ্য ম্যাচ...পরিবারের সবাইকে নিয়ে আসুন...অনবরত কানে বাজে এই শব্দগুচ্ছ।
জম্পেশ একটা ফুটবল পরিবেশ তৈরির নিরন্তর চেষ্টাই চলছে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কিছুদিন আগে যেমনটা হয়েছিল বঙ্গবন্ধু কাপ ঘিরে। আজ আবার গ্যালারিতে হাজারো দর্শকের স্লোগান, করতালি উদ্বুদ্ধ করবে বাংলাদেশ দলকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে প্রথম ম্যাচ খেলতে নামার আগে লাল-সবুজ জার্সিধারীদের আকাঙ্ক্ষা অন্তত এমনটাই।
বিশ্বকাপ বাছাইপর্ব, তবে বাস্তবতা হলো বিশ্বকাপ মূলপর্বের প্রবেশপত্র পাওয়ার কোনো সম্ভাবনাই নেই বাংলাদেশের। এই পর্বে বরং ভালো খেলে ২০১৯ দুবাই এশিয়ান কাপের বাছাইয়ে খেলার সুযোগ করে নেওয়ার চেষ্টাটা বাস্তবসম্মত। গ্রুপে দুই ‘মোড়ল’ অস্ট্রেলিয়া, জর্ডান ধরাছোঁয়ার বাইরে। কিরগিজস্তান ও তাজিকিস্তানের সঙ্গে যুদ্ধ করে তৃতীয় হতে পারলে, এমনকি চতুর্থ হলেও সেই সুযোগ থাকবে। সেই পথে বা বাড়ানোর ক্ষণ বলেই আজ বাংলাদেশের ফুটবলে একটা ফুল ফোটার দিন।
বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়েরা ড্রয়ের পর থেকে দিনটিকে আলাদা করে ফেলেছেন ক্যালেন্ডারের পাতায়। অভিন্ন কণ্ঠে সবাই বলে আসছিলেন, ঘরের মাঠে ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তান ম্যাচ দুটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, পয়েন্টের বাস্তব সম্ভাবনা এ দুটি ম্যাচেই বেশি। তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে কিছু ‘অর্জন’ করার চ্যালেঞ্জই আজ দুয়ারে দাঁড়িয়ে।
শুরুতেই মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে বাংলাদেশ, ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ ১৬৬, কিরগিজস্তান ১৭৭! সাধারণ হিসাবে জয় পাওয়াই উচিত বাংলাদেশের। কিরগিজদের সঙ্গে ঘরের মাঠে না জিতলে আর কোথায় জিতবে, এমনও আলোচনা আছে! কিন্তু জয় শব্দটা উচ্চারণে কোচ লোডভিক ডি ক্রুইফ খুবই সতর্ক, ‘আমাদের ৩ পয়েন্ট প্রয়োজন। সেটা মাথায় রেখেই খেলব।’
কিন্তু ভুলে গেলে চলবে না, কিরগিজস্তানের দলীয় সামর্থ্য বাংলাদেশের চেয়ে বেশিই। বাংলাদেশকে আগের দুই সাক্ষাতে হারিয়ে সেই প্রমাণও দিয়েছে। তাই হঠাৎ র্যা ঙ্কিংয়ে দলটির ২৪ ধাপ অবনমনে বাংলাদেশের উৎফুল্ল হওয়ার কিছু নেই। গত কয়েক মাসে ফিফা প্রীতি ম্যাচ না খেলাতেই র্যা ঙ্কিংয়ে এমন অবনমন কিরগিজদের।
অথচ এই দলেরই কয়েকজন তাজিকিস্তান, পোল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, জার্মানি, সার্বিয়ায় খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ফিটনেস, শারীরিক সক্ষমতা, উচ্চতায় এগিয়ে থাকা দলটি শক্তির ওপর বেশি খেলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সন্ধ্যায় শেষবেলার অনুশীলনে তাদের স্কোরিং দক্ষতাও চোখ কেড়েছে। দুবাইয়ে আবাসিক ক্যাম্প করে আটঘাট বেঁধেই ঢাকায় পা রেখেছে তারা।
সব জেনেবুঝে ডি ক্রুইফ আবহাওয়ার আনুকূল্যপ্রত্যাশী। বেলা ৩টার গরমের বদলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচ শুরু তাঁর দাবি মেনেই। কাল সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে হঠাৎ রসিকতা, ‘আমি তো চাই একটু ঠান্ডা আবহাওয়া। বৃষ্টি হোক, একটু কাদা-টাদা (হা হা)...!’
কিরগিজ কোচের কপালে মাঠ-আবহাওয়া নিয়ে চিন্তার ভাঁজ। বাংলাদেশ-আফগানিস্তান ২ জুনের বৃষ্টিভেজা প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের অবস্থা ছিল নাজুক। সেটি মনে করিয়ে কিরগিজস্তানের ৩৭ বছর বয়সী রুশ কোচ আলেকজান্ডার ক্রিসটিনিনের মুখে সতর্ক উচ্চারণ, ‘ওই ম্যাচের মতো মাঠের অবস্থা হোক চাই না।’ বাকি সবকিছুতেই তাঁর রাখঢাক। দুবাইয়ে কোনো অনুশীলন ম্যাচ খেলেছেন কিনা বলতে নারাজ। অধিনায়ক কোন পজিশনে খেলেন প্রশ্নে জবাব, ‘মাঠেই দেখবেন।’ দোভাষীর মাধ্যমে লোকটার একটাই বার্তা, ‘কঠিন ম্যাচ হবে। আমরা জেতার জন্যই খেলব।’
বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও আঁকছেন জয়ের ছবি, ‘ভিডিও দেখে বুঝলাম, ওরা লম্বা বলে বেশি যাবে। পাল্টা দিতে আমরা মাটিতেই বেশি খেলতে চেষ্টা করব।’
ঘরের মাঠ, চেনা পরিবেশ, মামুনুলদের কাজটা সহজই হওয়ার কথা।