
তাঁর চোখেমুখে পরিষ্কার অসহায়ত্ব ফুটে উঠল। পারলে নিজেই যেন মাঠে নেমে যান। জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকের সেই সুযোগ একেবারেই নেই! এএফসি কাপের চূড়ান্ত পর্বে শেখ জামাল ধানমন্ডি এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। দুটি ম্যাচই হেরেছে। কোচের চেয়ারে বসে তাই শুধু দীর্ঘশ্বাসই ফেলছেন শফিকুল।
আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল খেলবে মালয়েশিয়ার লিগ চ্যাম্পিয়ন সেলাঙ্গর এফএর সঙ্গে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ফক্স ইন্ডিয়া টিভি।
সেলাঙ্গর কোচ জয়নাল আবেদিন বিন হাসানও মানিকের মতোই প্রায় এক বিন্দুতে দাঁড়িয়ে। মালয়েশিয়ার প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে হেরেছে দলটি। এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হেরেছে সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্সের কাছে। শুধু ফিলিপাইনের সেরেস লা সাল্লের সঙ্গে ২-২ গোলে ড্র করে পেয়েছে একটি পয়েন্ট।
দুই দলের কোচই জয়ের জন্য মরিয়া। ঘুরে দাঁড়াতে চায় দুই দলই। তবে কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ শফিকুলের মুখে একটু বেশি জোরেই শোনা গেল কথাগুলো, ‘দুটি ম্যাচে জয় পাইনি। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই।’ প্রতিপক্ষকে সমীহই করছেন তিনি, ‘যদিও জানি ওরা যথেষ্ট শক্তিশালী দল। তবে এখন ছেলেদের যে মানসিক অবস্থা, তাতে ওদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদি মাঠে ওরা শতভাগ উজাড় করে খেলে তাহলেই জিততে পারব।’
প্রশ্নটা এখানেই। শতভাগ উজাড় করে দেওয়া মানে কী? দলবদলের আগেই ক্লাবগুলো ফুটবলারদের মৌখিক সম্মতি নিয়ে রেখেছে। সেই স্রোতে ভেসে যাওয়া ফুটবলারদের অনেকে খেলছেন শেখ জামালে, কিন্তু তাঁদের মন পড়ে আছে অন্য ক্লাবে। অনুশীলনের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম চেয়েও পাচ্ছে না শেখ জামাল, এমনই অভিযোগ কিছুদিন ধরে করছে দলটি। কালও নিজেদের ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
মাঠে ও মাঠের বাইরে লড়াই করতে হচ্ছে শেখ জামালকে। স্থানীয় ফুটবলারদের ওপর মোটেই আস্থা রাখতে পারছেন না কোচ। আজও বিদেশি খেলোয়াড়দেরই ওপর তাঁর আস্থা, ‘এমেকা, ল্যান্ডিং গত লিগের সেরা পারফরমার। আশা করি, ওরা গোল করতে পারবে।’
শেষ ম্যাচে ডিফেন্ডার ইয়াসিন লাল কার্ড দেখেছেন। আজ তাঁকে পাচ্ছে না শেখ জামাল। তাঁর জায়গায় কেষ্ট কুমার বা তপু বর্মণকে দেখা যেতে পারে।
ঘরের মাঠে খেলবে শেখ জামাল। তারপরও প্রতিপক্ষ সেলাঙ্গরের কোচ জয়নাল আবেদিন জয় চান, ‘আমরা দুটি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছি। সুতরাং এখানে আরও ভালো খেলতে হবে এবং ৩ পয়েন্ট পেতে হবে। তবে লড়াইটা খুব কঠিন হবে।’