
মাঠের বাইরে উৎসুক জনতার ভিড়। দোতলার ড্রেসিংরুম থেকে গোমড়া মুখে নেমে যাওয়া জামাল ভূঁইয়াদের টিম বাসে ওঠা দেখছিলেন। ফুটবলারদের সহমর্মী হচ্ছিল স্থানীয় জনতাও। ময়মনসিংহে এসে লিগের প্রথম জয়টা পেতে চেয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচেও যথারীতি হার। কোচ মারুফুল হক এই শহরেরই আকুয়ার সন্তান; ময়মনসিংহবাসীর বেদনা তাই বোধ হয় একটু বেশিই।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের সেমিফাইনালে বিদায় নিয়েছিল শেখ রাসেল। দুঃস্বপ্ন পিছু ছাড়েনি লিগেও। চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল এবার সবচেয়ে বড় বাজেটের দল শেখ রাসেল। ময়মনসিংহে এসেও ভাগ্য বদলায়নি।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কাল ফেনী সকারের কাছেও হেরে গেছে ২-০ গোলে। এই চারটি হারের মধ্যে তুলনামূলক শক্তিশালী দল ছিল চট্টগ্রাম আবাহনী। বাকি তিন দলের কাছে হারটা মারুফের কাছে একেবারেই অপ্রত্যাশিত। এভাবে টানা চার ম্যাচ হারের পর শেখ রাসেলে নিজের ভবিষ্যৎ নিয়েই শঙ্কায় মারুফুল, ‘আমার কোচিং ক্যারিয়ারে এক মৌসুমে এভাবে টানা হারিনি। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক।’
আগের দিন মারুফুল বলেছিলেন দলের বড় সমস্যা আক্রমণভাগে। কিন্তু ৪ ম্যাচে ৭ গোল হজম করা দলটির রক্ষণ বলতে কিছুই ছিল না কাল। অথচ ম্যাচের ৩২ মিনিটের মধ্যে শেখ রাসেল তিন-চারটি গোল করে ফেললে অবাক হওয়ার থাকত না। ১০ মিনিটে রাজুর ফ্রি-কিকে মিন্টু শেখের হেড বাইরে চলে যায়। একইভাবে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন চোট কাটিয়ে লিগে কালই প্রথম খেলতে নামা শাখাওয়াত রনি। ২১ মিনিটে বক্সের ২০ গজ দূর থেকে জামাল ভূঁইয়ার আচমকা শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে রাজুর ক্রস থেকে রুম্মনের হেড সাইডপোস্টে লাগে।
এরপর থেকেই ম্যাচের লাগাম ধরে ফেনী সকার। ৩৫ মিনিটে জটলার মধ্যে থুয়াম ফ্রাঙ্কের মাটি কামড়ানো শটে ১-০। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। কিন্তু ফিকরু তেফেরারা শুধুই ভুল পাস দিয়েছেন, ফাঁকা পোস্ট পেয়েও মাঠের বাইরে মেরেছেন কয়েকবার। ৮১ মিনিটে শাহানুর হাওলাদারের ক্রসে চৌম্রিন রাখাইনের প্লেসিংয়ে ২-০ হতেই আরেকটি হার নিশ্চিত হয়ে যায় শেখ রাসেলের।
টানা হারে হতাশ মারুফুল চ্যাম্পিয়ন হওয়ার আশা ছেড়ে দিয়ে বললেন, ‘আমরা ১২ পয়েন্ট নষ্ট করে ফেলেছি। তাই আর চ্যাম্পিয়ন হওয়ার আশা নেই। এখন ভালো একটা স্থানের জন্য লড়তে হবে।’ শেখ রাসেলে খেলছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়। অথচ মারুফুলের দাবি অভিজ্ঞতার অভাবেই নাকি হারছে তাঁর দল, ‘এরা গোলমুখে শট নেওয়ার ব্যাপারে কম অভিজ্ঞ।’
চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়া ফেনী সকারের কোচ লাডিবাবা লোলা সংবাদ সম্মেলনে থাকলেন উচ্ছ্বসিত, ‘ছেলেদের পারফরম্যান্সে খুব খুশি। ভাগ্যের জোরে নয়, খেলেই জিতেছি আমরা। শেখ রাসেলের তুলনায় দুর্বল হতে পারি কিন্তু ফেনী সকার ফেলে দেওয়ার মতো দল নয়।’
আজকের খেলা
মোহামেডান-বিজেএমসি
(ময়মনসিংহ স্টেডিয়াম)