ঘরোয়া ফুটবল নিয়ে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত ফুটবলের সংবাদ সম্মেলন ফেডারেশন ভবনেই হয়ে থাকে। কিন্তু কাল পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর পান্থপথের ব্যবসায়িক কার্যালয়ে ভিড় করলেন গণমাধ্যমকর্মীরা। হঠাৎ এমন সংবাদ সম্মেলনে কৌতূহল ছিল অনেকের মনে, নিশ্চয় বড় কোনো খবর জানাতে এমন আমন্ত্রণ। কিন্তু সেসব কিছু নয়, পুরোনো কথাগুলোই বললেন সালাম মুর্শেদী, ‘দলবদলের তারিখ আবারও বাড়ানো হচ্ছে।’
অথচ বাফুফে ভবনে কাল হওয়ার কথা ছিল লিগ কমিটির সভা। সভা হবে না শুনে আচমকা ফিরে যেতে হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিনিধি আবদুল গাফফারকে। যাওয়ার সময় ক্ষুব্ধ গাফফার বলছিলেন, ‘সভা বাতিল করা হয়েছে, কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি। লিগ কমিটির চেয়ারম্যান তাঁর অফিসে নিজের খেয়ালখুশিমতো সাংবাদিকদের ব্রিফ করছেন দলবদল পেছানোর, এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই আমরা।’
গত ১২ নভেম্বর শুরু হয় এই মৌসুমের দলবদল। স্থানীয় খেলোয়াড়দের নাম নিবন্ধনের শেষ তারিখ ছিল ১১ ডিসেম্বর। কিন্তু দুদফায় তা বাড়ানো হয়েছিল ৭ জানুয়ারি পর্যন্ত। কাল আবার এল নতুন ঘোষণা—৩১ জানুয়ারি বিদেশিদের সঙ্গে শেষ হবে স্থানীয়দের দলবদল।
মোহামেডান, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ, ব্রাদার্স, ফেনী সকার ও রহমতগঞ্জের অনুরোধেই নাকি দলবদলের সময় বাড়ানো হয়েছে! কিন্তু অন্য ক্লাবগুলো এরই মধ্যে ঘর গুছিয়ে ফেলেছে, বিদেশি কোচ এনে অনুশীলনও শুরু করেছে অনেকে। লিগ কমিটির চেয়ারম্যানের এমন সিদ্ধান্তে তাই বেশ ক্ষুব্ধ অন্য ক্লাব কর্মকর্তারা।
দলবদলের তারিখ পিছিয়েছে। এর সঙ্গে সমন্বয় রেখে ঘরোয়া ফুটবলের বর্ষপঞ্জিও পিছিয়ে যাচ্ছে। বছরের শুরুতে বাফুফে থেকে দেওয়া বর্ষপঞ্জিতে ফেব্রুয়ারিতে হওয়ার কথা মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপ। সেটা কবে শুরু হতে পারে সেই নিশ্চয়তাই দিতে পারলেন না সালাম মুর্শেদী, ‘ফেডারেশন কাপ শুরুর তারিখটা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।’
পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপও। ৯ জানুয়ারি মেলবোর্নে এএফসির কংগ্রেসের পর চূড়ান্ত হবে এর নতুন তারিখ ও ষষ্ঠ দল। ফেডারেশন কাপ পেছানোর কারণটাও ব্যাখ্যা করলেন সালাম মুর্শেদী, ‘আগামী ১০ ফেব্রুয়ারি তাজিকিস্তানে এএফসি কাপের প্লে অফে খেলবে শেখ রাসেল। ওরা দেশে ফেরার পরই শুরু করতে চাই ফেডারেশন কাপ।’ বর্ষপঞ্জিতে স্বাধীনতা কাপ জুনে হওয়ার কথা থাকলেও সেটা নাকি হবে পেশাদার লিগ শেষে।
বারবার দলবদলের সময় বাড়ানো, খেলা নিয়ে টালবাহানায় এবারের ঘরোয়া ফুটবল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেরুদণ্ডহীন লিগ কমিটি কোনো অবস্থানই নিচ্ছে না। ফলে কয়েকটি ক্লাব আরও জেঁকে বসেছে বাফুফের ঘাড়ের ওপর। তাই অনেকেই লিগ কমিটির প্রয়োজনীয়তা নিয়েই তুলছেন প্রশ্ন।