ইবোলা সংক্রমণের ভয়ে অনেক ক্লাব বিদেশি খেলোয়াড় ঢাকায় ট্রায়ালে আনতে পারছে না
ঘরোয়া ফুটবলেও ইবোলা
বিপত্তিটা ঘটেছিল গত মৌসুমে। প্রাণঘাতী এইডসে আক্রান্ত হয়ে দেশে ফিরে যান বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার আবদুল রশীদ। মৌসুমের মাঝামাঝি হওয়ায় তখন বেশ ঝামেলায় পড়তে হয়েছিল বিজেএমসিকে।
এবার শুধু বিজেএমসি নয়, বিদেশি ফুটবলার নিয়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো পড়েছে ইবোলা ভাইরাস দুশ্চিন্তায়। ইবোলা সংক্রমণের ভয়ে অনেক ক্লাব বিদেশি খেলোয়াড় ঢাকায় ট্রায়ালে আনতে পারছে না। ভিসা দেওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করেছে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো। আগের মতো ভিসা দিচ্ছে না সহজে।
বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি বিদেশি আসে আফ্রিকা অঞ্চল থেকে। ওই অঞ্চলেই ইবোলার প্রাদুর্ভাব বেশি। এমনিতে প্রিমিয়ার লিগে প্রতিবার গড়ে বিদেশি খেলছে ৫৫-৬০ জনের মতো। তার মধ্যে আশি-নব্বই ভাগই আফ্রিকান। গত মৌসুমের দ্বিতীয় দফা ট্রান্সফার উইন্ডোর পরিসংখ্যান অনুযায়ী ৩৭ বিদেশির মধ্যে ২৬ জনই ছিলেন আফ্রিকা মহাদেশের। নাইজেরিয়ার ১৪ জন, গাম্বিয়ার ৫ ও গিনির ৩ জন। সেনেগাল, মিসর, কেনিয়া ও উগান্ডার একজন করে ফুটবলার এসেছেন। এবার তাঁদের আসাটা বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ, নানা রকম স্বাস্থ্য পরীক্ষা দিয়ে তবেই পেতে হবে বাংলাদেশের ভিসা। এসব বাধা পেরিয়ে অনেকে আসতে চান না বলে ঢাকায় ক্লাবের সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিয়েছেন।
এরই মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালকে গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইবোলা ভাইরাসমুক্ত ঘোষণা করেছে। এই দেশের দক্ষিণেই ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত তিন দেশের একটি গিনি।
আবাহনীর কোচ অমলেশ সেন জানাচ্ছেন, ‘ঘানার ইব্রাহিম, সামাদ, মরিসন প্রতিবছর নিজে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এবার আমরাই ফোন করছি, কিন্তু ওদের কোনো সাড়া পাচ্ছি না। সম্ভবত ইবোলা সমস্যাটা কাটলে ওরা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারে ভিসার জন্য।’
আফ্রিকান ফুটবলারের আশায় বসে না থেকে বিকল্প খোঁজার কথা ভাবছে ফেনী সকার। দলটির ম্যানেজার সাখাওয়াত হোসেন তেমন আভাসই দিলেন কাল, ‘১৫-২০ দিন ধরে আমরা আফ্রিকান কোনো খেলোয়াড়কে আনার চেষ্টা করেও পারছি না। ইবোলা ভাইরাসের কথা বলে ভয়ে বাংলাদেশ দূতাবাসেই যাচ্ছে না গত মৌসুমে আমাদের দলে খেলে যাওয়া তিন গাম্বিয়ান। এখন আমরা আফ্রিকার বাইরের খেলোয়াড় আনার কথা ভাবছি।’
ইবোলা সংক্রমণ রোধে এরই মধ্যে বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বাফুফেও এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘নিয়ম অনুযায়ী যেকোনো বিদেশি ফুটবলারের ১০ থেকে ১২টি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবার ইবোলার পরীক্ষাও হবে।’ বাফুফের মেডিকেল কমিটির চূড়ান্ত ছাড়পত্র নেওয়ার কথাও জানিয়েছেন তিনি, ‘আমাদের মেডিকেল কমিটি কোনো ফুটবলারকে অনুমোদন না দিলে ওই খেলোয়াড় ঢাকায় খেলতে পারবেন না।’
ইবোলা ভাইরাস নিয়ে আগামীকাল পেশাদার লিগ কমিটির সভায়ও আলোচনা হওয়ার কথা।