
পল এমিলের হাত ধরে ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্র।
বাক্যটা এভাবে লিখে ঠিক বোঝানো যাবে না শেখ রাসেল কাল রহমতগঞ্জকে হারাতে কতটা ঘাম ঝরিয়েছে। জয়সূচক একমাত্র গোলটা পেতে কয়েক কোটি টাকার দল শেখ রাসেলের লাগল ১০১ মিনিট। সেই গোল নিয়ে রহমতগঞ্জের তীব্র আপত্তি কাল পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্তাপ ছড়িয়েছে যথেষ্ট। অফসাইডের দাবি তুলে ক্ষোভে ফেটে পড়ে রহমতগঞ্জ। প্রেসবক্স থেকে বোঝা কঠিন ওটা অফসাইড কি না। টিভি রিপ্লে দেখে কেউ বলেন অফসাইড, কারও মতে অফসাইড নয়।
পল নিজে অবশ্য পেছন থেকে আসা বলটা পাওয়ার আগে একটু থমকে দাঁড়ান। সহকারী রেফারি মনির ঢালির দিকে তাকান। পতাকা না ওঠায় দৌড় শুরু করে গোটা দলকে চাপ থেকে মুক্তি দিলেন কাঙ্ক্ষিত গোলটা এনে দিয়ে। বক্সের ওপর থেকে গড়ানো শটে প্লেস করতে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ডের এতটুকু সমস্যা হয়নি। কিন্তু রহমতগঞ্জ কোচ কামাল বাবুসহ অন্যরা তো বটেই, বাইরের এক-দুজন কর্মকর্তাও তেড়ে গিয়ে রেফারি-সহকারীকে গোল বাতিলের দাবি তোলেন। এ নিয়ে কয়েক মিনিট খেলা থাকে বন্ধ।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে রহমতগঞ্জ কোচ কামাল বাবুর ক্ষোভ, ‘বড় দল গোল করতে পারছে না। তাই পল কয়েক হাত ভেতরে থাকলেও অফসাইড না দিয়ে গোল করতে দিল। পল নিজেও সহকারী রেফারির দিকে তাকিয়েছিল অফসাইড দেয় কি না। অথচ নির্লজ্জভাবে অফসাইড এড়িয়ে যাওয়া হলো।’ তবে শেখ রাসেলের কোচ মারুফুল হকের চোখে, ‘ওটা কোনোভাবেই অফসাইড নয়। ওরা বললেই তো হবে না। পরিচ্ছন্ন গোলই হয়েছে।’
এই চাপান-উতোর বাদ দিলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের ফুটবলারদের সমালোচনাই সইতে হবে, প্রশংসিত হবেন রহমতগঞ্জের খেলোয়াড়েরা। দুই দলের শক্তির ব্যবধান অনেক। অথচ মাঠের খেলাটা হলো উল্টো।
রহমতগঞ্জের মতো ‘গরিব’ দলটিই আরামবাগের মতো জয়ের আনন্দে মেতে উঠতে পারত ৮৯ মিনিটে জুনাপিউ ১: ১ অবস্থায় গোল করতে পারলে। কিন্তু পারেননি গোলরক্ষক লিটনের সাহসী কিপিংয়ে। লিটন আরও কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। তবে লিটন ছাড়া শেখ রাসেলের বাকিরা দৃষ্টি কাড়তে পারেননি, কারও মধ্যেই সে অর্থে সৃজনশীল কিছু ছিল না।
একটা মাপা ক্রস, ভালো মুভমেন্ট, ভালো শট...এগুলো কোচের নির্দেশনা অনুযায়ী শেখ রাসেলের খেলোয়াড়েরা করতে পারেননি। গরমকেই মূল কারণ বলছেন মারুফ। তবে বাস্তবতা হলো, সুযোগ পেয়েও তা হেলায় হারিয়েছেন শেখ রাসেলের স্ট্রাইকাররা। বদলি স্ট্রাইকার রুম্মন অতিরিক্ত সময়ে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ। স্বাধীনতা কাপে ছয় গোল করা ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু বা ইকাঙ্গা অকার্যকরই থাকলেন প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে। ৯০ মিনিট পর ফিকরুকে তুলেই নিতে হলো। অবশ্য এ-ও ঠিক, রহমতগঞ্জের রক্ষণ সংগঠন ছিল দুর্দান্ত। গোলরক্ষক মাসুম ছিলেন আস্থাশীল।
কোয়ার্টার ফাইনাল কোনোভাবে উতরানো গেল, ২৩ জুন সেমিফাইনালে আবাহনী বা ব্রাদার্সকে পাবে ২০১২ সালের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল। নিশ্চয়ই খেলোয়াড়দের সৃষ্টিশীল কিছু করতে অনুপ্রাণিত করেই মাঠে আসবেন কোচ মারুফুল হক।
আজকের খেলা
কোয়ার্টার ফাইনাল
আবাহনী–ব্রাদার্স (বিকেল ৩-৪৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।