ঘাস ছুড়ে লাল কার্ড!

লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনা তো নতুন কিছু নয়। ফুটবলের মাঠে এ ঘটনা ঘটছে অহরহই। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের দিকে মাঠের ঘাস ছুড়ে লাল কার্ড দেখার ব্যাপারটা একটু বিরলই। আর এই ‘বিরল’ কাণ্ডটিই কিনা করে দেখিয়েছেন সেল্টা ভিগোর ফাবিয়ান অরেলানা। গত রাতে স্প্যানিশ লিগের ম্যাচে বার্সেলোনার সার্জিও বুসকেটসের দিকে ঘাস ছুড়ে মারার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই স্ট্রাইকারকে।
খেলার ৮৭ মিনিটের ঘটনা এটি। সেল্টা তখন ১-০ গোলে পিছিয়ে। এমন একটি সময় প্রাপ্ত একটি ফ্রি-কিক নিতে দেরি করায় ক্ষিপ্ত অরেলানার তরফ থেকে এমন সম্ভাষণ পান বুসকেটস। ফুটবল খেলায় এগিয়ে থাকা দল সময় নষ্ট করার জন্য অনেক কিছুই করে। এ ব্যাপারে প্রতিবাদ করারও অনেক অনুষঙ্গই আছে। কিন্তু অরেলানা কিনা প্রতিবাদের জন্য মাঠ থেকে তুলে নিলেন এক দলা ঘাস? ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি রেফারি ইনাকি ভিসান্দি গারিদোর। অরলেনাকে লাল কার্ড দেখিয়েই মাঠ ছাড়া করেন তিনি।
ফুটবলপ্রেমীরা লাল কার্ড পাওয়ার নানা কাণ্ডই দেখে অভ্যস্ত। বাজেভাবে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লাথি মারা, প্রতিপক্ষের সঙ্গে তর্কা-তর্কি, হাতাহাতি থেকে শুরু করে মাথা দিয়ে গোত্তা কিংবা ‘কামড়’ দেওয়ার জন্যও লাল কার্ড দেখেছেন ফুটবল ইতিহাসের অনেক রথী-মহারথী। কিন্তু মাঠের ঘাস তুলে প্রতিপক্ষের দিকে ছুড়ে মারার অপরাধে লাল কার্ডের সাক্ষী বোধ হয় এই প্রথমবারের মতোই হল ফুটবল দুনিয়া। সূত্রঃ মেইল অনলাইন