
দুদিন আগে গ্রেপ্তার হয়েছেন দুই সহসভাপতি আলফ্রেদো হাউয়িট ও হুয়ান অ্যাঙ্গেল নাপুত। সেটি নিয়ে এদিক-সেদিক দৌড়াতে হয়েছে। তার ওপর সেদিনই ছিল ফিফার পুনর্গঠন নিয়ে বৈঠক। অতি ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময় হয়তো পাননি ফিফার অন্তর্বর্তীকালীন সভাপতি ইসা হায়াতু। অবশেষে তিনি ঘুমালেন, তবে দুর্ভাগ্যক্রমে একেবারেই বেমক্কা জায়গায়। সংবাদ সম্মেলনের চেয়ারে বসে!
ভাবা যায়, সাংবাদিকেরা প্রশ্ন করছেন, আর মাইক্রোফোনের সামনে দিব্যি চোখ বুজে সুখনিদ্রা দিচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর একটির প্রধান! অভাবিত ঘটনাটি ঘটেছে গত পরশু জুরিখে। ফিফার পুনর্গঠন বিষয়ে নির্বাহী কমিটির বৈঠক ছিল। বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন সেপ ব্ল্যাটারের আপাত-বদলি হিসেবে ফিফা প্রধানের চেয়ারে বসা হায়াতু। সেখানেই ৬৯ বছর বয়সী ক্যামেরুনিয়ান ফুটবল কর্মকর্তার এই ‘ঘুম-কাণ্ড’! গোলডটকম।