ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা
তাজিকিস্তান-বিপর্যয় মাথায় নিয়েই কাল রাতে দেশে ফিরল জাতীয় ফুটবল দল। তীব্র ঠান্ডা আর বৃষ্টিই এই সফরে বাংলাদেশ দলের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে। কোচ ফাবিও লোপেজ ও অধিনায়ক মামুনুল ইসলাম আগেই তা বলেছিলেন। শাখাওয়াত রনিরও একই মত, কাল বিমানবন্দরে নেমে এই ফরোয়ার্ড বললেন, ‘আমরা বুঝতে পারিনি ৫ গোল খেয়ে যাব। টার্ফটাও ছিল দ্রুতগতির। ওটার সঙ্গে আমরা আসলে মানিয়ে নিতে পারিনি।’
লোপেজ এই ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আগের ম্যাচে লেফট উইংয়ে খেলানো শাখাওয়াতকে তাজিকিস্তান ম্যাচে খেলিয়েছেন রাইট উইংয়ে। সবচেয়ে বড় কথা, কোচ নাকি একাদশ বলেছেন ম্যাচ খেলতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে।
শাখাওয়াত বলছিলেন, ‘আমি জানতাম না যে একাদশে থাকব। মাঠে যাওয়ার জন্য হোটেল থেকে বেরোনোর পর কোচ বললেন দলে আছি।’
তবে সব ভুলে খেলোয়াড়দের সামনে তাকানোর কথাই বলেছেন কোচ। খেলোয়াড়েরাও চান অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে নতুন একটা শুরু। শাখাওয়াতের ভাষায়, ‘আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। ঘরের মাঠে খেলা বলে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।’ অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আজই। তাজিকিস্তান-ফেরত দলের সঙ্গে অনুশীলনে ডাকা হয়েছে মিডফিল্ডার মোনায়েম রাজু ও ডিফেন্ডার তপুকে।