ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি তো জাতীয় দলের সব প্রয়োজন মিটিয়েছি, পারিনি শুধু মাঠে খেলে দিতে —কাজী সালাউদ্দিন
আমি তো জাতীয় দলের সব প্রয়োজন মিটিয়েছি, পারিনি শুধু মাঠে খেলে দিতে —কাজী সালাউদ্দিন

কয়েক দিনের নীরবতা ভেঙে সরব হয়ে উঠলেন কাজী সালাউদ্দিন। সরব হলেন আসলে যাঁরা তাঁর পদত্যাগের দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে।
কাল তৃতীয়বারের মতো কিছু ‘সমর্থক’ বাফুফে সভাপতির পদত্যাগের দাবিতে বাফুফে ভবনের সামনে সমাবেশ করেছেন। এর নেপথ্যে রয়েছে আরামবাগসহ সালাউদ্দিনবিরোধী কয়েকটি ক্লাব। ঠিক ওই সময় বাফুফে ভবনের সম্মেলনকক্ষে সালাউদ্দিন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন ভুটান-ভরাডুবির পর নিজেদের করণীয়।
সালাউদ্দিন কী বলতে পারেন, সেটি আগেই অনুমান করা গিয়েছিল, ‘ভুটানের কাছে এই হারে সবার মতো আমিও কষ্ট পেয়েছি।’ কষ্ট না পেলেই বরং সেটা হতো বিস্ময়কর। এবং অন্য অনেকের মতো তিনিও নাকি এই বিপর্যয়ের আগাম সংকেত পেয়েছিলেন!
তাঁকে কখনো মনে হচ্ছিল অসহায় একজন, কখনো গর্জে ওঠা চরিত্র। নিজের অতীত মনে করিয়ে দিলেন বেশ কয়েকবার। তাই সমালোচনার চাবুক হানাদের পাল্টা চাবুক হানলেন, ‘আমার পদত্যাগ চেয়ে কারা এসব নাটক করাচ্ছে, সবই জানি। তবে আমি এখান থেকে সরে যাব কেন? আমি আমার কাজ করে যাব।’ কথা না-শোনা ক্লাবগুলোকে আর ছাড় দেবেন না বলে হুংকারও দিলেন। যদিও অতীতে ছাড় দিতে দিতে বাফুফের মেরুদণ্ডই ভেঙে গেছে।

তারপরও সালাউদ্দিনের কণ্ঠে সেই পুরোনো সুর, ‘আমি তো জাতীয় দলের সব প্রয়োজন মিটিয়েছি, পারিনি শুধু মাঠে খেলে দিতে।’ পাশে বসা সালাম মুর্শেদীকে দেখিয়ে মজা করেন, ‘ফিটনেস থাকলে আমি আর ও খেলে দিতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়।’

সান্ত্বনা খুঁজলেন এই বলে, ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিল ৭ গোল খেয়েছে জার্মানির কাছে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে জার্মানির। হল্যান্ড-ইংল্যান্ড ধুঁকছে। তাই ভুটান-হারেই তিন বছর ফিফা-এএফসির ম্যাচ না পাওয়াকে পৃথিবী শেষ বলতে রাজি নন সালাউদ্দিন। তবে তাঁকে স্বীকার করতেই হলো, বাংলাদেশের মতো এভাবে কোনো দল ধারাবাহিকভাবে হেরে গর্তে পড়ে যায় না।

জাতীয় দল নিয়ে বাফুফের পরিকল্পনা ব্যর্থ হওয়ারই কুফল এটা। সালাউদ্দিনও তা মানলেন, ‘আমরা জাতীয় দল নিয়ে যা করতে চেয়েছিলাম সেটা কাজ করেনি। খেলোয়াড়েরা ভালো খেলেনি।’ এ থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বাফুফে সভাপতি। তাই তৃণমূলে যাওয়ার বাস্তবতাকে এত দিন পাশ কাটিয়ে চললেও এখন আর পারছেন না, ‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাজেন্ডা আমাদের না থাকলেও এখন সেটা আমরা করব।’

সেই কর্মসূচি ডিসেম্বরের মাঝপথে পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করতে চান। টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক পরিচালক পল স্মলি এই রোডম্যাপ করছেন। কিন্তু সবাই কথার চেয়ে কাজ দেখতে চায়, তাই আরও দুই মাস অপেক্ষা কেন? সালাউদ্দিন বলছেন, ‘সবকিছু গোছাতে একটু সময় লাগবেই।’

তবে হারিয়ে যাওয়া সেই অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ ডিসেম্বরেই মাঠে নামাতে চান। আগামী বছর শেরেবাংলা কাপ জাতীয় ফুটবলও করার পরিকল্পনাও আছে। যদিও এক বছর ধরে এই দুটি টুর্নামেন্টের কথা কর্তাদের মুখে শোনা যাচ্ছে। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ লিগ করার কথাও বলা হলো। স্কুল ফুটবল, অনূর্ধ্ব-১৪ বিমান কাপ, এসব নাকি পূর্ণাঙ্গ পরিকল্পনায় রাখা হবে।

কিন্তু বাফুফের ৮০ ভাগ প্রতিশ্রুতিই রয়ে যায় কাগজে-কলমে। তাই এসব প্রতিশ্রুতির ওপর কতটা আস্থা রাখা যায়? সালাউদ্দিন জোর দিয়ে বললেন, ‘আরও সাড়ে তিন বছর সময় আছে। এ সময়ে তৃণমূলে সব করব, দেশের ফুটবলে পরিবর্তন আনব।’ আট বছরে যা হয়নি, সাড়ে তিন বছরে হয়ে যাবে? সালাউদ্দিন নিজেই তো বললেন, ‘আমি ম্যাজিশিয়ান নই।’ তারপরও ‘আস্থা রাখুন, আমরা পারব’ বলে আশাটা বাঁচিয়ে রাখলেন সালাউদ্দিন।