
‘ক্ষমা করবেন, আমি কিছুই বলব না।’
রহমতগঞ্জের কাছে হারের পরদিন শেখ রাসেলের কোচ মারুফুল হক নীরব থাকলেন। হোটেল রুমে বসে সহকারী জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে দলের পারফরম্যান্স কাটাছেঁড়া করতে থাকলেন। কিন্তু হিসাবের খাতা খুলে দেখেন ব্যর্থতার খোলসে বন্দী দল।
স্বাধীনতা কাপের সেমিফাইনাল ধরলে দল টানা তিনটি ম্যাচ হেরেছে শেখ রাসেল। দুটি লিগের প্রথম দুই ম্যাচ। ট্রেবল জয়ের বছরে ১৬ ম্যাচের লিগে শেখ রাসেল সাকল্যে ম্যাচ হেরেছিল দুটি। আর দুই মৌসুম পর সেই শেখ রাসেল লিগের প্রথম দুই ম্যাচেই পয়েন্টশূন্য!
এবার সবচেয়ে বড় বাজেটের দল শেখ রাসেল। অথচ মৌসুমে ১২ ম্যাচ খেলে মাত্র ৫ জয়, ২ ড্র আর ৫ হার। তবে ভেঙে না পড়ে, ঘুরে দাঁড়িয়ে একটা মাত্র জয় চান মারুফ। তৃতীয় রাউন্ড শুরুর দিনে আজ সেই ঘুরে দাঁড়ানোর মন্ত্রই জপছে শেখ রাসেল।
কিন্তু লড়াইটা সহজ নয়। উত্তর বারিধারা আর রহমতগঞ্জ ছিল সহজ প্রতিপক্ষ, তবু হার। আজ তো চট্টগ্রাম আবাহনীর মতো শক্তিশালী প্রতিপক্ষ সামনে। তার ওপর এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর খেলা মানেই অনেক দর্শক। প্রথম দুই রাউন্ডে ভালোই দর্শক হয়েছে চট্টগ্রাম আবাহনীর ম্যাচে। আজ সন্ধ্যায় শেখ রাসেলের তৃতীয় ম্যাচে স্টেডিয়াম প্রায় ভরে যাবে বলেই অনেকের অনুমান।
তবে পাল্টা জবাব দিতে শেখ রাসেল ঢাকা থেকে উড়িয়ে এনেছে ফিকরু তেফেরাকে। ফিটনেস ও শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে যাঁকে দলের বাইরে রাখা হয়েছিল কিছুদিন ধরে। আজ তাঁকে খেলানোর আভাস দিলেন মারুফ। তবে স্বাধীনতা কাপে ৬ গোল করা ইথিওপিয়ান স্ট্রাইকার এরপর আর গোলের দেখা পাননি। কাজেই আজ তাঁকে পেলেও শেখ রাসেল যে খুব বড় কিছু করে ফেলবে, সেই সম্ভাবনা কমই।
ফিকরু চট্টগ্রাম এসে শৃঙ্খলা ভঙ্গ করা নিয়ে কথা বলতে চাইছিলেন না। তবে দল দুটি ম্যাচ হেরে গেলেও তিনি আশাবাদী, ‘দুটি ম্যাচে হার এমন কোনো ব্যাপার নয়। গতবার আইএসএলে আমার দল চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম দুটি ম্যাচ হেরেই। কাজেই এতে কষ্ট পাওয়ার কিছু নেই।’
তবে গোটা শেখ রাসেল দলই মানসিক কষ্টে আছে। সবার মুখ মলিন। দলের চার ফরোয়ার্ডের চোট। শাখাওয়াত রনি, কোমল, দলের সঙ্গেই আছেন। এমিলিও এসেছেন চট্টগ্রামে। অর্থাৎ সবাই মিলে দলটাকে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করতে চাইছেন।
কিন্তু মাঠে তো খেলতে হবে। সেই খেলার লোকই নেই শেখ রাসেলের। কিন্তু অবস্থা এমন যে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এটি মারুফের কাছে ‘ডু অর ডাই ম্যাচ’, ‘একটা জয় পেলেই সব ঠিক হয়ে যাবে।’ একই কথা অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লবেরও। তাঁরা প্রেরণা পান এ মৌসুমে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দুটি ম্যাচই ১-১ স্কোরলাইন দেখে। একটিতে শেষ পর্যন্ত টাইব্রেকারে হার।
তৃতীয় রাউন্ডে এটিই অবশ্য সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ। এবং এটি জিতেই চট্টগ্রাম আবাহনী চায় ময়মনসিংহ যেতে। হালিশহরে দলটির আবাসিক ক্যাম্পে একটা ফুরফুরে বাতাস বইছে। দল ছন্দে আছে। ছন্দটা বেঁধে দিয়েছেন রুবেল মিয়া।
কোচ জোসেফ পাভলিকের মুখে তাই হাসি লেগে আছে সারাক্ষণ। খেলোয়াড়দের সঙ্গে মজা করছেন, দুষ্টুমি করছেন। ‘আমরা ভালো একটা জায়গায় থাকতে চাই। তাই শেখ রাসেলকে হারিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করাই আমাদের লক্ষ্য।’ পাভলিকের এ কথাটা হুমকি হিসেবেও নিতে পারে শেখ রাসেল। তবে স্থানীয় দর্শকেরা চট্টগ্রাম আবাহনীর জয়ের সঙ্গে চান ভালো ফুটবলও। সেটি পেলে তো তাঁদের জন্য সোনায় সোহাগা।
দুই রাউন্ডের হাইলাইটস
দ্বিগুণ
দ্বিতীয় রাউন্ডে গোল হয়েছে ২২টি, প্রথম রাউন্ডের ঠিক দ্বিগুণ।
উল্টো ফল
জয়-পরাজয় ১, ড্র ৫। প্রথম রাউন্ডের এই ফল উল্টো গেছে দ্বিতীয় রাউন্ডে। অর্থাৎ এই রাউন্ডে ড্র ১, জয়-পরাজয় ৫।
এগিয়ে মুক্তিযোদ্ধা
দুই ম্যাচে ৪ পয়েন্ট আছে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ও রহমতগঞ্জের। তবে সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে সবার ওপরে মুক্তিযোদ্ধা।
অর্ধেক
প্রথম দুই রাউন্ডে ১২ ম্যাচের প্রতি দুটিতে গড়ে একটি করে পেনাল্টি হয়েছে। সংখ্যাটা ৬।
আজকের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
শেখ জামাল-রহমতগঞ্জ
চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেল
(বিকেল ৪-৩০ মি. ও সন্ধ্যা ৭-৩০ মি., এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম)