খুব বেশি দিন হয়নি। কোপা আমেরিকার স্মৃতিটা এখনো তাজা। ভেনেজুয়েলাকে মাস দুয়েক আগের সেই টুর্নামেন্টে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, আর প্যারাগুয়েকে তো আর্জেন্টিনা উড়িয়ে দিয়েছিল ৬-১ গোলে। কিন্তু আগামীকাল ভোরে চেনা দুই প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল-আর্জেন্টিনা যেন একটু বেশিই সতর্ক!
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ দুই দলকে যেভাবে এক সমতলে দাঁড় করিয়েছে, তাতে অবশ্য এটাই স্বাভাবিক। চিলির কাছে ২-০ গোলে হেরে গেছে ব্রাজিল, ইকুয়েডরের কাছে আর্জেন্টিনার হারটাও একই ব্যবধানে। দুই দলকে যাঁরা টেনে তুলতে পারতেন, সেই দুজন দর্শক হয়ে মাঠের বাইরে। লিওনেল মেসি চোটের জন্য নেই, আর নেইমার খেলতে পারছেন না নিষেধাজ্ঞার জালে আটকে। দুই দলই চোট-সমস্যায় জেরবার। দুর্দান্ত ফর্মে থাকা সার্জিও আগুয়েরো প্রথম ম্যাচেই চোট পেয়ে উঠে গেছেন, তাঁকে আর পাচ্ছে না আর্জেন্টিনা। হাঁটুর চোটে খেলতে পারবেন না ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ।
কাল শেষ পর্যন্ত হয়তো কার্লোস তেভেজের ওপরই ভরসা করবেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। বোকা জুনিয়র্স স্ট্রাইকার আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাটাই মনে করিয়ে দিয়েছেন, ‘বাছাইপর্বের ম্যাচ এমনিতেই আলাদা। বৃহস্পতিবার দেখা গেছে, এটা প্রীতি ম্যাচ বা কোপা আমেরিকা থেকেও কঠিন। আমাদের মনোভাবটাই আসলে বেশি উদ্বেগের। আমরা একটু গা ছাড়া দিয়ে দিয়েছিলাম। এ ব্যাপারটা ঝেড়ে ফেলতে হবে। তবে মঙ্গলবার আমরা আরেকটি সুযোগ পাব।’ প্যারাগুয়ের সঙ্গে গত পাঁচ ম্যাচেই অবশ্য হারেনি আর্জেন্টিনা, মার্টিনো সেটি থেকে একটু প্রেরণা নিতে পারেন।
ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিলও। অনেক দিনের অভিজ্ঞ মিডফিল্ডার লুইজ গুস্তাভো মেনে নিলেন, চিলির সঙ্গে হারের পর দল কিছুটা চাপে আছে। তবে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচের আগে সতীর্থদের ডাক দিলেন ঘুরে দাঁড়ানোর, ‘ভেনেজুয়েলা নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরেছে। এটা খুবই সম্ভব ওরা যথাসম্ভব খোলসের ভেতর ঢুকে থাকতে চাইবে। কিন্তু আমরা জায়গা বের করে নিয়ে খেলার ও গোল করার সব রকম চেষ্টাই করব।’ ফোরফোরটু, গোলডটকম।