ঘুরেফিরে সেই 'ঢাকা লিগ'!
পেশাদার লিগের অন্যতম বড় শর্ত ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খেলা। এত দিন তা কিছুটা হলেও অনুসরণ করা হচ্ছিল। তিন-চারটি ক্লাব অন্তত বিভিন্ন সময় ভেন্যু করেছে ঢাকার বাইরে। এটা আরও ডানা মেলারই কথা, অথচ দেশের সর্বোচ্চ লিগটা হয়ে পড়ছে কিনা পুরোপুরি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামকেন্দ্রিক!
অষ্টম প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এবার কোনো ম্যাচ ঢাকার বাইরে হবে না। রাজনৈতিক অস্থিরতা, যাতায়াত সমস্যা, আরও অনেক কারণ দেখিয়ে এই পথেই হাঁটছে ক্লাবগুলো। বেশির ভাগ ক্লাবই ঢাকার বাইরে যাওয়াকে ‘বিরাট ঝামেলা’ মনে করে। চেষ্টাটা তাদের ‘সফলই’ বলা যায়। তবে অনেকে বলেন, বড় ক্লাব ঢাকার বাইরে খেলতে গেলেই পয়েন্ট হারায়। সেই ভীতি তাড়াতেই ঢাকার বাইরে খেলতে অনেক দলেরই অনীহা।
ঘুরেফিরে তাই সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। একসময় ঢাকা লিগই ছিল দেশের সেরা লিগ। এখান থেকেই তারকাদের সৃষ্টি। সেই ঢাকা লিগ বন্ধ করে ২০০৭ সালে শুরু পেশাদার লিগে। কয়েক বছর চলার পর আদতে আবার যা ফিরে যাচ্ছে ঢাকা লিগেই!
এটা কেন? লিগ কমিটিতে চ্যাম্পিয়ন শেখ জামালের প্রতিনিধি সাবেক ফুটবলার আবদুল গাফফার চিহ্নিত করলেন একগাদা সমস্যা—ঢাকার বাইরে খেলতে যাওয়া মানে ভালোয় ভালোয় ফিরে আসার নিশ্চয়তা নেই, দেশের যা অবস্থা, একটা দল ঢাকার বাইরে গেলে বোমার মুখে পড়ার শঙ্কা আছে। আরও কারণ আছে।
‘ক্লাবগুলো এবার ঢাকার বাইরে যেতে ৫ লাখ টাকা করে চেয়েছে ফেডারেশনের কাছে। একই সঙ্গে অংশগ্রহণ ফি দ্বিগুণ বাড়িয়ে চাওয়া হয়েছে ২৫ লাখ করে’—জানালেন গাফফার। পৃথিবীর আর কোনো দেশে লিগ খেলতে ক্লাবগুলোকে যাতায়াত বাবদ টাকা দিতে হয় কি না তা অবশ্য গবেষণার বিষয়।
ফেডারেশন তাই পড়ে গেছে গ্যাঁড়াকলে। সিদ্ধান্ত নিতে আজ লিগ কমিটির সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও থাকার কথা। তিনি কীভাবে ক্লাবগুলোকে ‘ম্যানেজ’ করে মাঠে নামান সেদিকেই তাকিয়ে লিগ কমিটি। কয়েকবার পিছিয়ে ৫ এপ্রিল লিগ শুরুর চিন্তাভাবনা আছে, তবে আজ আবার অন্য কোনো দাবি তুলে ক্লাবগুলো নতুন ফ্যাঁকড়া বাধাবে না, সেই নিশ্চয়তা কিন্তু নেই!
এমনকি লিগের দ্বিতীয় পর্বের ম্যাচও ঢাকার বাইরে হওয়া অনিশ্চিত। রাজনৈতিক অবস্থার উন্নতি দেখতে চায় ক্লাবগুলো। একই সঙ্গে তারা বলছে, ভেন্যুগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। যেমন ফেনীর ভেন্যু নিয়ে অনেক ওজর-আপত্তি আছে। ওই ভেন্যুটা টিকে থাকবে কি না বলা কঠিন। গোপালগঞ্জেও টুকটাক ঘাটতি আছে, যা অবশ্য সমাধানযোগ্যই। চট্টগ্রাম ভেন্যুটা নিয়ে শুধু বড় রকমের আপত্তি নেই।
আধুনিকতার পথে পা রাখতে ২০০৭ সালে মাঠে নামানো হয়েছিল পেশাদার লিগ। কিন্তু আধুনিতার ছোঁয়া লাগেনি লিগের গায়ে। বরং বিবর্ণ হচ্ছে প্রতিনিয়ত। বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল তাই একটু হতাশই, ‘এবার রাজনৈতিক অস্থিরতার বিষয়টা হয়তো এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু খেলাটা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই বলব, ঢাকায় সব খেলা হওয়ার ধারাটা যেন স্থায়ী হয়ে না যায়।’
কথাটা সবাই জানেন। কিন্তু ঢাকার বাইরে খেলা রাখার স্থায়ী ব্যবস্থা করবে কে?