ঘৃণাকে ভালোবাসা বানাতেই নেইমারের সিনেমা

পিএসজি তারকা নেইমারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্সে তাঁর ঠিক যতটা আলোচিত, সমাদৃত হওয়ার কথা ছিল, নেইমার সেভাবে খেলতে পেরেছেন কি না, সে এক বড় বিতর্কের বিষয়। যাঁকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমপর্যায়ের ভাবা হতো, সেই নেইমার কখনো চোটে তো কখনো খামখেয়ালিতে ক্যারিয়ারটাকে পূর্ণতা দিতে পারেননি। আর ১৬ দিন পর ৩০ বছর পূর্ণ করে ফেলবেন, অথচ এখনো একবারও বর্ষসেরা ফুটবলার হওয়া হয়নি তাঁর। গত কয়েক বছরে তো সেরার মনোনয়নেই থাকতে পারেননি!

খেলার চেয়েও নেইমারের সমালোচনা বেশি হয়েছে তাঁর মাঠের বাইরের জীবনের কারণে। মাঠের বাইরে নেইমার উচ্ছৃঙ্খল জীবন, নৈশক্লাব আর পার্টিতে মেতে থাকা...এসব নিয়ে সমালোচনা নিয়মিতই হয়। এসবের কারণে তাঁর খেলায় মনোযোগ কম থাকে, এমনই অভিযোগ অনেকের। নেইমার সব সময় এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।

তবে এবার সমালোচকদের মন জেতার উপায়ও খুঁজে নিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে নেইমারের আত্মজীবনীমূলক তথ্যচিত্র প্রচারিত হতে যাচ্ছে। সেই আত্মজীবনীতে শতভাগ খাঁটি তথ্য উপস্থাপিত হতে যাচ্ছে জানিয়ে নেইমারের আশা, এই আত্মজীবনী দেখার পর তাঁর প্রতি সমালোচকদের ঘৃণা ভালোবাসায় রূপ নেবে।

নেইমারের ওপর নির্মিত তথ্যচিত্রটি তিন ভাগে প্রচারিত হবে। সেটির প্রভাব কেমন হতে পারে, এ নিয়ে ইএসপিএনে নেইমার বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি কেমন। আমার কাছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আর যাঁরা আমাকে চেনেন না, শুধু আমার নামে বাজে কথাই বলে যান, তাঁদের সব সময় একপাশেই সরিয়ে রাখি। তবে আশা করি, তাঁরাও এই তথ্যচিত্রটি দেখবেন। এতে আমার ব্যাপারে তাঁদের ধারণা কিংবা তাঁদের মনে আমার যেরকম ছবি আঁকা সেটি বদলে যাবে বলে, এটাই চাই। চাই তাঁরাও যেন আমাকে পছন্দ করেন, অল্প একটু হলেও!’

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের উপস্থিতি সরব। তাঁর জীবনে কী ঘটছে, সেটি জানতে নেইমারের ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই চলে! সেখানেই নিয়মিত পার্টি, নৈশক্লাব, বন্ধুদের নিয়ে এখানে-সেখানে যাওয়ার ছবি চোখে পড়ে। নেইমারের কাছে সেসব তাঁর জীবন উপভোগ করার আনন্দের ভাগাভাগি, কিন্তু সমালোচকদের কাছে তো সেসব সমালোচনার পুঁজি!

তবে সাদা চোখে হইহুল্লোড়ে আগ্রহী নেইমারের মনের সত্যিকারের পরিচয় খুব কম মানুষই জানেন। অন্তত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেটাই দাবি করছেন। আত্মজীবনী বানানোর উদ্দেশ্য জানাতে গিয়ে বললেন, ‘আমি সত্যিকার অর্থে মানুষ হিসেবে কেমন, সেটা খুব কম মানুষই জানে। শুধু আমার খুব কাছের বন্ধুরা, আমার পরিবার, অল্প কয়েকজন সতীর্থ। এখন আমার মনে হচ্ছে, আমার জীবনের চিত্রটা আসলে কেমন, আমার প্রতিদিনের জীবন কেমন, খেলার সময়ে-বাসায় আমি কেমন, বাবা হিসেবে, ভাই হিসেবে বা সন্তান হিসেবে আমি কেমন...এই দিকগুলো আরেকটু বেশি ভাগাভাগি করতেই পারি। আশা করি এই তথ্যচিত্রটি মানুষকে সেসব দিক দেখাবে।’

পিএসজির অনুশীলনে নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
ফাইল ছবি: এএফপি

তথ্যচিত্রে সবকিছু সত্যি সত্যিই বর্ণনা করা হয়েছে বলে দাবি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের, ‘আমার জীবনের চিত্র দেখানো নিয়েই কাজ করেছি আমরা। এখানে আমরা সত্যিটাই দেখাচ্ছি। এটা শতভাগ নিশ্চিত। এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার।’

আকর্ষণ জাগাতে পারে নেইমারের ওপর নির্মিত তথ্যচিত্রটির নামও—‘দ্য পারফেক্ট ক্যাওস।’ নাম শুনে মনে হতে পারে, তাঁর অর্থ-যশ-উন্মাদনায় নিখুঁত জীবনের যেমন বেখেয়ালি-এলোমেলো যাপন পদ্ধতি সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে। নেইমার ব্যাখ্যায় বলছেন, ‘নামটা এমন কারণ আমার জীবনও সব সময়ই এমনই ছিল। আমার বয়স যখন ছয় মাস, তখন মা-বাবার পাশাপাশি আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম। বলতে গেলে তখন থেকেই সবকিছু এলোমেলো হওয়ার শুরু। আমরা ওই দুর্ঘটনা থেকে অবশ্য সেরে উঠেছি, আমারও কিছু হয়নি।’

কিন্তু এর পরের জীবনের সঙ্গে দুর্ঘটনার ব্যথা আর সেটি কাটিয়ে ওঠার আনন্দের মিল পান নেইমার, ‘এরপর আমি ফুটবলার হলাম। অবশ্যই অনেক আনন্দের মুহূর্ত কেটেছে আমার। তবে এর পাশাপাশি অনেক মুহূর্ত এসেছে যখন সবকিছু এলোমেলো লেগেছে।’

নেইমার ব্যক্তিজীবন নিয়েই সমালোচনার তির ছোটে বেশি
ছবি: ইনস্টাগ্রাম

ব্রাজিলে কিংবদন্তি পেলের ক্লাব সান্তোসে বেড়ে ওঠার দিনগুলো থেকে প্রচারের আলোর পাশাপাশি সমালোচনাও তো নিত্যসঙ্গী ছিল নেইমারের। সেসবকে পথচলার সঙ্গী বানিয়েই নেইমার এগিয়ে চলেছেন। চলছেন। কীভাবে মানিয়ে নিচ্ছেন, সে রহস্য জানালেন নেইমার, ‘আপনাকে সব সময় সোজাসুজি চিন্তা করতে হবে। না হলে আপনি ভেঙে পড়বেন। পরিবার আর বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ, তবে আমার সতীর্থরাও গুরুত্বপূর্ণ। ওরাও সব সময় আমার পাশে ছিল। খারাপ দিনগুলোতে হয়তো কিছু বলে, বা শুধুই আলিঙ্গনে জড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করেছে।’

২৯ বছরের জীবনে অনেক চড়াই-উৎরাইয়ের অভিজ্ঞতার পর নিজেকে এখন পরিপক্ব মনে হচ্ছে নেইমারের, ‘আমার মনে হয় আমি আগের চেয়ে এখন অনেক শক্ত। মানুষ হিসেবে এখন অনেক শক্ত। সেটি শুধু শারীরিকভাবেই নয়, চিন্তা-ভাবনায়ও। কারণ আমাকে এত চাপ সইতে হয়েছে। সেটা আমি মানুষ হিসেবে যেমন সেটির কারণে, আমি যেখানে খেলি সেটির কারণ, ব্রাজিলিয়ান হওয়ার কারণে, আরও অনেক কারণেও।’