ঘৃণ্য বর্ণবাদী আচরণের শিকার নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের খেলায় ড্র, দর্শকদের বর্ণবাদী আচরণ! ছবি: এএফপি।
মাঠের খেলায় ড্র, দর্শকদের বর্ণবাদী আচরণ! ছবি: এএফপি।

ডার্বি ম্যাচে উত্তেজনা থাকেই। খেলার বাইরেও মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়, একটু হাতাহাতি, ধাক্কাধাক্কি, কিংবা গ্যালারিতে দর্শকদের দুয়ো...এগুলো নিয়মিত ব্যাপারই। কিন্তু উত্তেজনার বশে সীমা ছাড়ানো কোনো মতেই ​মেনে নেওয়া যায় না। সেই সীমাই কাল ছাড়িয়ে গেছে এস্পানিওল সমর্থকেরা। বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার।

এখনো স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা লা লিগা কমিটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা দাবি করেছেন, ম্যাচের প্রথমার্ধে, মাঠের একটা নির্দিষ্ট কোণ থেকে, একজন দর্শক নেইমারকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছিল। স্প্যানিশ অনেক সাংবাদিকও কাল ম্যাচ চলার সময় টুইট করেছেন বিষয়টি। ম্যাচের প্রথমার্ধে নেইমার বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় স্বাগতিক সমর্থকেরা ব্রাজিল ফরোয়ার্ডকে উদ্দেশ করে বানরের মতো আওয়াজ করে। যেটি ফুটবলে খুবই ঘৃণ্য আচরণ বলেই গণ্য।
এর আগেও কালো ফুটবলারদের উদ্দেশ করে বানরের ডাক দেওয়া, বানর বলে গালি দেওয়া কিংবা কলা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। গায়ের রং সাদা হোক কিংবা কালো, তা দিয়ে কাউকে কখনো বিচার করতে নেই—এটাই ফুটবলের বার্তা। ‘বর্ণবাদকে না বলুন’ এই স্লোগান সব সময়ই মনে করিয়ে দেওয়া হয়। ব্যাপক প্রচারণার ফলে ইউরোপের শীর্ষ ফুটবলে বর্ণবাদ অনেকটাই কমে এসেছে। কিন্তু কখনো কখনো মাথাচাড়া দিয়ে ওঠে। যেমন উঠল কাল।
ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, ‘খেলার বাইরে কোনো কিছু নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যদি কথা বলি, তাহলে আমি সমালোচিত হব। যদি নাও বলি, তারপরও আমার সমালোচনা হবে।’ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করিয়ে দিলেন, এক-দুজনের কারণে বাকি সমর্থকদেরও এমন বদনাম সহ্য করতে হয়, ‘এমন কিছু হয়ে থাকলে অবশ্যই তাদের শাস্তি দিতে হবে। সব এস্পানিওল সমর্থকই দোষী নয়। তবে যারা করেছে, তাদের এক এক করে খুঁজে বের করতে হবে।’ বার্সেলোনার সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়া টনি ফ্রেইক্সাও টুইট করেছিলেন, ‘আশা করি নেইমারের প্রতি এস্পানিওল সমর্থকদের এমন বর্ণবাদী আচরণ রেফারির রিপোর্টে লেখা থাকবে।’
অবশ্য ফ্রেইক্সার আশা পূর্ণ হয়নি। জানা গেছে, রেফারি তাঁর ম্যাচ প্রতিবেদনে সমর্থকদের এমন আচরণের কথা লেখেননি।
নেইমারের পাশাপাশি এস্পানিওল সমর্থকেরা ম্যাচজুড়ে উত্ত্যক্ত করে গেছেন লিওনেল মেসিকেও। স্প্যানিশ আদালতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে চলা কর ফাঁকির মামলার দিকে ইঙ্গিত করে স্বাগতিক সমর্থকেরা ম্যাচজুড়েই গেয়ে গেছেন, ‘মেসি, মেসি, তোমার কর পরিশোধ কর’। রোষের মুখে পড়েছিলেন ডিফেন্ডার পিকেও।
কাতালান ডার্বিতে এমন ঘটনা আগেও ঘটেছে। গত এপ্রিলেই লিগ ম্যাচে সমর্থকেরা নেইমার ও দানি আলভেজকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করায় জরিমানা গুনেছিল এস্পানিওল। মেসিকে গালাগালি করা কিংবা পিকে ও তাঁর স্ত্রী কলম্বিয়ান গায়িকা শাকিরার উদ্দেশে সেবারও বাজে মন্তব্য করেছিল এস্পানিওল গ্যালারির কিছু অংশ। সূত্র: ইএসপিএন।