চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে তুললেন মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে তুললেন মামুনুল। ফাইল ছবি
চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে তুললেন মামুনুল। ফাইল ছবি

প্রায় ত্রিশ বছর পর ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল রহমতগঞ্জ। কিন্তু ফেরাটা মোটেও স্মরণীয় করে রাখতে পারেনি পুরোনো ঢাকার দলটি। করতে দেননি জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাঁর একমাত্র গোলে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে চট্টগ্রাম আবাহনী।
ফাইনালের প্রতিপক্ষের নাম জানতে অবশ্য একটু অপেক্ষা করতে হবে চট্টগ্রামের দলটিকে। ৫ জুনের ফাইনালে তাদের প্রতিপক্ষ আগামীকালের আবাহনী-শেখ জামাল ম্যাচের জয়ী দল। গত মৌসুমে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী অবশ্য ইতিহাসে প্রথমবারের মতো উঠল ফেডারেশন কাপের ফাইনালে।
পুরো ম্যাচে তুলনায় চট্টগ্রাম আবাহনীর চেয়ে বেশি আক্রমণ করেছে রহমতগঞ্জ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে টুর্নামেন্ট থেকে রহমতগঞ্জ ছিটকে পড়েছে। গোলমুখে অন্তত গোটা পাঁচেক শট করেছেন রহমতগঞ্জের ফয়সাল, শুভ, শাহরান ও ইসমাইল বাঙ্গুরা। সেই তুলনায় চোখে পড়ার মতো কোনো চমৎকার আক্রমণই ছিল না চট্টগ্রাম আবাহনীর। দ্বিতীয়ার্ধে পুরো রক্ষণাত্মক ফুটবল খেলেছে তারা। গোলের পর থেকে সেভাবে মাঠে খুঁজেই পাওয়া যায়নি মামুনুলকে।
শুরুতে বাজে একটা গোল খেয়েই সর্বনাশ হয়েছে রহমতগঞ্জের, এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি। ৮ মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। বক্সের মধ্যে জটলা থেকে গড়ানো শটে গোল করেন মামুনুল। নাইজেরিয়ান ফরোয়ার্ড আফিজ ওলাদিপোর ব্যাকপাস থেকে বল পেয়ে মাটি কামড়ানো শটে জাল খুঁজে নেন মিডফিল্ডার মামুনুল। অথচ সামনে দাঁড়ানো রহমতগঞ্জের তিন ডিফেন্ডার চেয়ে চেয়ে দেখলেন ওই গোলের দৃশ্য! গোল খেয়ে যেন হুঁশ ফেরে রহমতগঞ্জের। এরপর আক্রমণের ধার বাড়িয়েছে দ্বিগুণ। কিন্তু ফয়সাল আহমেদ, শারহান হাওলাদার, ইসমাইল বাঙ্গুরাদের গোল নষ্টের মহড়াই চোখে পড়েছে বেশি। ৬৮ মিনিটে ইসমাইল বাঙ্গুরার দুর্দান্ত এক জোরালো শট ফিস্ট করে ফেরান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নেহাল। 

চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটু বিরতির পর কিছুটা সময় রক্ষণাত্মক কৌশলে খেলিয়েছেন দলকে। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজকে তুলে নিয়ে মিডফিল্ডার সোহেল রানাকে নামান তখন। যদিও আরেকটি গোলের আশায় শেষ বিশ মিনিটে নামিয়েছেন ফরোয়ার্ড চৌমরিন রাখাইনকে। অবশ্য এরপরও ব্যবধান বাড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।