চট্টগ্রাম আবাহনীতেই নাম লেখালেন মামুনুল
ফুটবলারদের দলবদলে আগের সেই উত্তাপ আর নাটকীয়তা নেই অনেক দিন ধরেই। শীর্ষ ফুটবলাররা এখন কয়েক মাস আগেই ঠিকানা মোটামুটি পাকা করে ফেলেন। দলবদল মানে তাই এখন শুধুই আনুষ্ঠানিকতা। কাল অনেকটা সে রকম আনুষ্ঠানিকতাই সারলেন মামুনুল ইসলাম। নতুন মৌসুমের জন্য চুক্তি করলেন চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।
দুই মৌসুম পর শেখ জামাল ধানমন্ডি ছেড়ে তাঁর চট্টগ্রাম আবাহনীতে নাম লেখানোর কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ সময়ে এসে শেখ জামাল গা-ঝাড়া দিয়ে মামুনুলসহ দলত্যাগী খেলোয়াড়দের ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে। এ নিয়ে ভালোই নাটক হয়েছে। মামুনুলদের নিজেদের খেলোয়াড় দাবি করে বাফুফেকে চরমপত্র দিয়েছিল শেখ জামাল। কিন্তু মামুনুল সাফ জানিয়ে দেন, শেখ জামালে আর খেলবেন না।
চট্টগ্রাম আবাহনী তাঁর শহরের ক্লাব। সে হিসেবে দলটির এবার নতুন রূপে ঘরোয়া ফুটবলে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গী হলেন এই মিডফিল্ডার। মৌসুম সর্বোচ্চ ৬০ লাখ টাকা পারিশ্রমিক তাঁরই বলে জানা গেছে। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তি করার পর বলেছেন, ‘চট্টগ্রামের প্রতি আলাদা একটা দুর্বলতা থেকেই দল পাল্টালাম। নতুন চ্যালেঞ্জ নিলাম। আশা করি, সফল হব।’
এই যাত্রায় চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে নাম লিখিয়েও শফিকুল ইসলাম মানিক পদত্যাগ করে শেখ জামালে যোগ দিয়েছেন কদিন আগে। তবে বড় দল গড়ার লক্ষ্য থেকে সরছে না চট্টগ্রাম আবাহনী। নাসির চৌধুরী, জাহিদ, সোহেল রানা, রায়হান, রেজাউল, ইয়ামিন মুন্নাসহ আরও কয়েকজন শীর্ষ ফুটবলার যোগ দিচ্ছেন দলটিতে।