চট্টগ্রাম আবাহনীর আনন্দ-সন্ধ্যা
ট্রফিটা কিছুতেই ছাড়তে চাইছিলেন না লিওনেল প্রিউক্স ও তারিক আল জানাবি। দুজন দুই পাশ থেকে চুমুতে ভরিয়ে দিচ্ছেন হাতে ধরা সোনালি ট্রফি। ক্যামেরার মুহুর্মুহু ফ্ল্যাশে ঝিলিক দিয়ে উঠছিল চট্টগ্রাম আবাহনীর দুই বিদেশির মুখ।
শুধু লিওনেল-তারিকই নন, জাহিদ হোসেন-রুবেল মিয়াদের মুখেও হাসির ফোয়ারা।
ম্যাচ শেষ হতেই এক দৌড়ে ভিআইপি গ্যালারির দিকে ছুটে গেল পুরো দল। দর্শকদের কেউ একজন ক্লাবের পতাকা নিয়ে মাঠে ঢুকলেন। সারা মাঠ ল্যাপ অব অনার দিয়ে ঘুরলেন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়েরা। কোচ যোসেফ পাভলিককে কাঁধে তুলে কয়েকজন নাচতেও শুরু করে দিলেন। কনফেত্তি উড়ল। বাঁধভাঙা আনন্দে সন্ধ্যাটা স্মরণীয় করে রাখতে চাইল স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন রূপ বদলে মুহূর্তেই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম। চট্টগ্রামে গত অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছিল চট্টগ্রাম আবাহনী, ঘরোয়া ফুটবলে এর পরের টুর্নামেন্টটিতেও তারাই চ্যাম্পিয়ন।
অথচ আদালতের নিষেধাজ্ঞার কারণে মামুনুলসহ জাতীয় দলের পাঁচ ফুটবলারকে ছাড়াই খেলতে হয়েছে চট্টগ্রাম আবাহনীকে। চ্যাম্পিয়ন হওয়ার পর তাই আত্মবিশ্বাস আরও তুঙ্গে দলের অধিনায়ক জাহিদ হোসেনের, ‘সব সময় দলের সবাইকে অনুপ্রেরণা দিয়ে বলেছি, জিততেই হবে আমাদের। আমরা জানি, মামুনুল খুবই ভালো খেলোয়াড়। ওরা থাকলে জয়টা হয়তো আরও সহজ হতো। তবে আমরা প্রমাণ করেছি, ওদের ছাড়াও আমরা জিততে পারি।’
পরশু রাতে ক্লাবের সভায় ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন খেলোয়াড়দের উজ্জীবিত করতে ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন। এটাও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে জাহিদদের।
জয়সূচক গোল করে চট্টগ্রাম আবাহনীর নায়ক বনে গেছেন তরুণ মিডফিল্ডার রুবেল মিয়া। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডিতে যোগ দিলেও সারাটা মৌসুম ডাগ-আউটে বসেই কাটিয়েছেন। এবার কোচ তাঁকে সব ম্যাচে সুযোগ দিয়েছেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারার আনন্দ রুবেলের চোখেমুখে, ‘এবার আমার লক্ষ্যই ছিল সব ম্যাচে খেলা। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। কোচ সুযোগ দিয়েছেন বলে কৃতজ্ঞ। আমি আজ গোল করেছি, দলও চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্যই বেশি ভালো লাগছে।’
টানা ছয় দিন জ্বরে ভুগছেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। কাল ম্যাচ জয়ের আনন্দে অসুস্থতাও যেন উধাও, ‘ক্যারিয়ারে প্রথম কোনো ট্রফি জিতলাম। এই আনন্দ বলে বোঝানো যাবে না। জ্বর গায়েও খেলেছি, কিন্তু এখন সব কষ্ট ভুলে গেছি।’
ম্যাচের প্রথম গোলদাতা লিওনেলও শোনালেন আত্মবিশ্বাসের গল্প, ‘বিশ্বাস ছিল, আমরা পারব। (সেমিফাইনালে) শেখ রাসেলের মতো বড় দলকে হারানোর পরই আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।’
১২ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম কোনো ট্রফি জিতলেন কোচ যোসেফ পাভলিক। রোমাঞ্চিত এই স্লোভাকিয়ান বলছিলেন, ‘এই রাত কখনোই ভুলব না। খুবই ভালো লাগছে আমার।’ বিমর্ষ আবাহনীর কোচ অমলেশ সেন পরাজয়ের জন্য দায়ী করলেন দলের বিদেশিদের পারফরম্যান্সকে, ‘তিন বিদেশির কেউই আজ ভালো খেলেনি। অসংখ্য গোল মিস করেছে। বড় ম্যাচে এমন খেললে জেতা কঠিন হয়ে যায়।’