
রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। তার পরও পায়ে বল ছিল বলে শট নিলেন ইব্রাহিম, মজা করেই! তবু বলটি জালে পাঠাতে পারলেন না! আগেই হ্যাটট্রিকের সুযোগ হেলায় হারিয়েছেন। উত্তর বারিধারার গোলরক্ষক রাজীব ওই শটটি ঠেকিয়ে দেওয়ায় তাই হাসতে লাগলেন চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড।
ইব্রাহিম হ্যাটট্রিক পাননি। তবে কাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুর্বল উত্তরা বারিধারার বিপক্ষে গোল উৎসবে মেতে ওঠে চট্টগ্রাম আবাহনী। ৬-১ গোলে জেতা ম্যাচে ইব্রাহিমের জোড়া গোল। জাহিদ, লিওনেল প্রিউক্স, শাকিল ও রায়হানের গোল একটি করে। বারিধারার একমাত্র গোলদাতা খালেকুজ্জামান সবুজ। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে (৩ জয়, ২ ড্র) তালিকায় এককভাবে শীর্ষে উঠে এল চট্টগ্রাম আবাহনী। টানা চতুর্থ হারে ১১তম স্থানে উত্তর বারিধারা। এবারের লিগে এটিই এখন পর্যন্ত বৃহত্তম জয়।
৭ গোলের ম্যাচে ঘরোয়া ফুটবলের অন্যতম দ্রুততম গোলও দেখেছেন দর্শকেরা। গ্যালারিতে দর্শকেরা তখনো ঠিকমতো নড়েচড়ে বসতে পারেননি, গোল হয়ে গেল! ৩০ সেকেন্ডে গোল করেন চট্টগ্রাম আবাহনীর জাহিদ (১-০)। ইব্রাহিমের মাপা ক্রসে মাথা ছুঁয়ে যখন উল্লাসে মেতে ওঠেন জাহিদ, হতভম্ব উত্তর বারিধারার গোলরক্ষক রাজীবের তাকিয়ে দেখা ছাড়া আর কী করতে পারতেন!
৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল উত্তর বারিধারা। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা খালেকুজ্জামানের জোরালো শটে সমতায় ফেরে বারিধারা (১-১)। কিন্তু যতই সময় গড়িয়েছে, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত বারিধারাকে ম্যাচ থেকে একেবারেই মুছে ফেলে শিরোপাপ্রত্যাশী মামুনুলদের দল। ‘লিগে এটাই ছেলেদের সেরা পারফরম্যান্স’—ম্যাচ শেষে আবাহনীর কোচ জোসেফ পাভলিক দলের প্রশংসায় পঞ্চমুখ।
লিগের পাঁচ ম্যাচে দ্বিতীয়বারের মতো সেরা একাদশে সুযোগ পেয়ে জাহিদ নিজে তো গোল করেছেনই, গোল করালেন ইব্রাহিমকে দিয়ে। যে জাহিদ নিজে গোলমুখে শট নিতে ব্যস্ত থাকতেন আগে, সেই তিনিই দলের জন্য নিঃস্বার্থভাবে খেলছেন!
২৬ মিনিটে লিওনেল প্রিউক্সের, ৩৯ মিনিট ও যোগ হওয়া সময়ে ইব্রাহিমের গোলে বিরতির আগেই ৪-১ করে ফেলে চট্টগ্রাম আবাহনী। এরপর ম্যাচের আকর্ষণ আর থাকে নাকি? দ্বিতীয়ার্ধে জাহিদ ও প্রিউক্সকে তুলে নেন চট্টগ্রামের দলটির কোচ, ম্যাচের গতিও কমে আসে। তবে ৮৬ মিনিটে বদলি শাকিল আবারও দলের মধ্যে গোলের নেশা জাগান। পঞ্চম গোলটি করেন মামুনুলের বাড়িয়ে দেওয়া বলে। ৮৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন ইব্রাহিম, ইয়ামিন মুন্নার ক্রস থেকে হেডে বল বাইরে পাঠিয়ে! শেষ মিনিটে রুবেল মিয়ার শট গোলরক্ষক রাজীবের হাত ফসকে বেরিয়ে এলে ফিরতি শটে রায়হান করেন ষষ্ঠ গোল।
বড় ব্যবধানে হেরে হতাশ উত্তর বারিধারার কোচ রাশেদ হোসেন, ‘আমাদের চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে, এ জন্যই এভাবে হারতে হচ্ছে। তবু প্রায় জাতীয় দলের আদলে গড়া শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পুরো সময় লড়াই করেছি আমরা।’
আজ জাতীয় শোক দিবসে কোনো ম্যাচ রাখেনি বাফুফের পেশাদার লিগ কমিটি।