চট্টগ্রাম আবাহনীর টাইব্রেকার-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার আনন্দই আলাদা। চট্টগ্রাম আবাহনীর (ডান থেকে) জাহিদ, আরমান আজিজ, মেজবাবুল মানিকের উচ্ছ্বাস সেটাই বলে দিচ্ছে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালের পর l প্রথম আলো
ঘরোয়া কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার আনন্দই আলাদা। চট্টগ্রাম আবাহনীর (ডান থেকে) জাহিদ, আরমান আজিজ, মেজবাবুল মানিকের উচ্ছ্বাস সেটাই বলে দিচ্ছে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালের পর l প্রথম আলো

টাইব্রেকারের প্রথম দুটি শটে দুই দলই ২-২। শেখ রাসেলের মিঠুন চৌধুরীর তৃতীয় শটটা গেল পোস্ট ঘেঁষে বাইরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে টান টান উত্তেজনার এই সন্ধ্যায় চট্টগ্রাম আবাহনীর লিওনেল করলেন ৩-২। শেখ রাসেলের পরের শটটা শাহেদ মনে হলো আলতো করে তুলে দিলেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে। জাহিদ এসে চতুর্থ শটে গোল করতেই ৪-২ ব্যবধানে চট্টগ্রাম আবাহনী নাম লিখিয়ে ফেলল স্বাধীনতা কাপের ফাইনালে। ৭ মে যেখানে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।
টাইব্রেকার মানে ভাগ্যের কাছেই সঁপে দেওয়া নিজেদের। তবু প্রথম দুটি করে শটে রাসেলের ফিকরু, ভ্যালেরি ও চট্টগ্রাম আবাহনীর তারিক আল জানাবি ও অ্যালিসন সহজেই গোল করলেন। এঁরা চারজনই গোলরক্ষককে শরীরের দোলায় আগেই ছিটকে বলটা পাঠান জালে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়েরা টাইব্রেকারের সামনে কতটা স্নায়ুচাপে ভোগেন, মিঠুন ও শাহেদ এর বড় উদাহরণ হয়ে থাকলেন।
অবশ্য টাইব্রেকারেই তো যাওয়ার কথা নয় ম্যাচটা। এর আগেই জিততে পারত প্রাধান্য নিয়ে খেলতে থাকা রাসেল। সেই পথে তারা পা বাড়ায় আগে গোল করে। বিরতির ঠিক আগে মিঠুনের ক্রসে শাখাওয়াত রনির শট গেল পোস্টে। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল পাঞ্চ করলে ফিরতি বলে হেডে ফিকরুর লক্ষ্যভেদ।
স্বাভাবিকভাবেই গোল খেয়ে চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠল। এই প্রথম ঘরোয়া কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার টিকিট পেতে আক্রমণেও যায় বেশ কয়েকবার। তবু মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর রাসেলের শক্তির সঙ্গে পেরে উঠছিল না। প্রথমার্ধে লিওনেলকে ওপরে রেখে বেশির ভাগ সময়ই নিজেদের সীমানায় খেলছিল চট্টগ্রামের দলটি। অনেকটা ‘নিরাপদ ফুটবল’, সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার কৌশল।
তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝঁাপায় চট্টগ্রাম আবাহনী। ৬৭ মিনিটে এল সফলতা। এবং তাতে সহায়তার হাত বাড়িয়েছেন রাসেলের ডিফেন্ডাররা। ডান দিক থেকে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল ঢুকে পড়লেন বক্সে, রাসেল ডিফেন্ডাররা মনে হলো অফসাইডের বাঁশির প্রত্যাশা করছেন। কিন্তু তা হয়নি। দুজন ডিফেন্ডারের সামনে দিয়ে এসে লিওনেল ক্রস করলেন, বাঁ প্রান্ত ধরে দ্রুত উঠে আসা রুবেলের প্লেসিং শটে ১-১।
শেখ রাসেলের কোচ মারুফুল হক তাঁর ডিফেন্ডারদেরই বড় ভুল দেখছেন এখানে, ‘আমরা এখনো শুধু বলই দেখি। প্রতিপক্ষ খেলোয়াড় কোথায় আছে তার গতিবিধি কী, সেটা ভুলে যাই। আমার ডিফেন্ডাররা খেলোয়াড়ের ওপর নজর রাখলে গোলটা হয় না। এমন সাধারণ ভুলই হারের জন্য যথেষ্ট।’
চট্টগ্রাম আবাহনী গত বছর নিজেদের আয়োজনে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জিতেছে। এবার ঘরোয়া ফুটবলে পরাশক্তির খাতায় নাম লেখাতে বড় দল গড়লেও মাঠে এখনো পুরো দল নামাতে পারেনি। আদালতের চূড়ান্ত রায় এখনো প্রকাশিত না হওয়ায় মামুনুলসহ পাঁচ খেলোয়াড়কে তারা পাচ্ছে না। যে কারণে পরিবর্তনের হাওয়াটা এখনো মাঠের খেলায় দেখাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তারপরও ঘরোয়া টুর্নামেন্টের এই ফাইনালটা হাতে ধরা দিয়েছে টাইব্রেকার-ভাগ্যে।
চট্টগ্রাম আবাহনীর কোচ যোসেফ পাভিলিকও ভাগ্যের কথাই বলছিলেন ম্যাচের পর, ‘ভাগ্য আমাদের সহায় ছিল। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমরা পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে পেরেছি।’ ম্যাচ সেরা লিওনেল অবশ্য কৃতিত্ব দিলেন সর্তীর্থদের লড়াকু মানসিকতাকে।
দুই আবাহনীর লড়াইয়ে জিতে ট্রফিটাও ঘরে তোলার আকাঙ্ক্ষা তাঁর। তবে ফাইনালটা চট্টগ্রাম আবাহনীর জন্য হবে বড় এক পরীক্ষাই।