চট্টগ্রাম আবাহনীর দিকেই চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঘরের টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক দল না থাকলে সবকিছু প্রাণহীন লাগে। আয়োজকেরা একটু হলেও উৎসাহ হারান। তবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শেষ পর্যন্ত তা থেকে রক্ষা পেল। আগামীকাল শুরু আমন্ত্রণমূলক আন্তর্জাতিক এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী পা রেখেছে। দেশের তিনটি দলের মধ্যে শুধু আয়োজক দলই পেরেছে গ্রুপের বাধা পেরোতে। ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের কিছুটা দুর্ভাগ্যই, ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচেই হেরে যাওয়াটাই কাল হয়েছে ঢাকার দুটি দলের। যদিও পরের দুটি ম্যাচে দুই দলই ভালো খেলেছে। কিন্তু টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রাম আবাহনী টিকে থেকে সেমিফাইনালের আকর্ষণটা বাড়িয়ে দিল। গ্রুপ পর্বে দর্শকখরা দেখে হতাশ হয়ে পড়েন অনেকেই। তবে গ্রুপের শেষ দিনে ভালো দর্শক সমাগমই হয়েছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। আশা করা যায়, পরশু দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেন এফসির সঙ্গে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর লড়াইয়ে দর্শক সাড়া মিলবে আরও। এই পোচনের সঙ্গে ঢাকা আবাহনী গোলশূন্য ড্র করেছে গ্রুপে, যেটি সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বড় প্রেরণাও। সে কথাই বলছেন দলটির কোচ সাইফুল বারী, ‘পোচনের সঙ্গে আবাহনীর ম্যাচটা আমরা দেখেছি। তাতে মনে হয়েছে দক্ষিণ কোরিয়ার এই দলটির বিপক্ষে জেতা সম্ভব। আবাহনী তো জিতেও যেতে পারত গোল নষ্ট না করলে। কাজেই ওই ম্যাচের সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেই আমরা মাঠে নামব।’

পোচনের খেলোয়াড়দের পায়ের কাজ ভালো। আক্রমণে ধার আছে। কিন্তু সে অনুযায়ী গোল পাচ্ছে না। এটিই দলটির দুর্বল দিক। গ্রুপ পর্বে দলটি গোল করেছে তিনটি। সাইফুল বারী চান সেমিফাইনালে যেন কোনো গোলই না পায় পোচন, ‘ওরা সুযোগ তৈরি করে অনেক। কিন্তু ফিনিশিংয়ে মনে হয় কিছুটা সমস্যা আছে। সেই সমস্যা থেকে সেমিফাইনালেও যেন বেরোতে না পারে সেই চেষ্টাই করব আমরা। রক্ষণটা আরও জমাট থাকবে আমাদের।’ চট্টগ্রাম আবাহনীরও সমস্যা আছে কিছু। স্ট্রাইকার এনকোচা কিংসলের চোট। তাই নতুনভাবে দল সাজাচ্ছেন চট্টগ্রাম আবাহনীর কোচ।

৩ মার্চ ফাইনাল খেলার ছকটা এখন মালদ্বীপের টিসি স্পোর্টস ও নেপালের মানাং মার্সিয়াংদি দলের কোচের মাথায়ও ঘুরপাক খাচ্ছে। এই দুই দল আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। তবে বাংলাদেশের ফুটবল-জনতার চোখ আসলে চট্টগ্রাম আবাহনীর দিকেই। সবাই চাইছেন ফাইনালে অন্তত ঘরের দল থাকুক।