চট্টগ্রাম আবাহনীর নীরব দলবদল
গত মৌসুমে স্বাধীনতা কাপ জিতে লিগের শিরোপা দৌড়েও ছিল চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত তারা রানার্সআপ। দলটি গতবার জাতীয় দলের একঝাঁক চেনা মুখ নিয়ে দল গড়েছিল। এবার সেই দল আর নেই, গত মৌসুমের অভিজ্ঞ মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, আশরাফুল ইসলামই শুধু থেকে গেছেন। ফুটবলাররা কেউ বাফুফে ভবনে আসেননি। দলের ম্যানেজার আরমান আজিজ এসে নীরবেই দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন।
চট্টগ্রাম আবাহনী এবার নিয়েছে মুফতা লাওয়াল, অ্যালিসন উদোকা, জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, চৌমরিন রাখাইন, শাখাওয়াত হোসেন রনিকে। এবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে মানাং মার্সিয়াংদির হয়ে আলো ছড়ানো ফরোয়ার্ড আফেজ ওলাওলে ওলাডিপোকেও দলে টেনেছে তারা।
গত মৌসুমে দলের সঙ্গে থাকা ফুটবলার আরমান আজিজ এবার ম্যানেজার। এই দল নিয়েও আশাবাদী তিনি, ‘পুরোনো কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলে থেকে গেছে। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। লিগে আশা করি ভালোই করব।’
জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুলের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর মাঝমাঠে এবার যোগ হয়েছেন মুক্তিযোদ্ধার সোহেল রানা, ব্রাদার্সের মানাফ রাব্বি, গত লিগে আরামবাগের হয়ে নজর কাড়া জাফর ইকবাল ও মোহাম্মদ আবদুল্লাহ।
গত লিগে ছয় গোল করা জাহিদের সঙ্গে চট্টগ্রামের দলটির আক্রমণভাগে নতুন যোগ হয়েছেন গত মৌসুমে শেখ রাসেলের হয়ে পাঁচ গোল করা রনি, মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে আট গোল করা তৌহিদুল আলম সুবজ, ফেনী সকারের হয়ে ছয় গোল করা চৌমরিন।
গত শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল মানাং মার্সিয়াংদি। নেপালের দলটির হয়ে ৩ গোল করা ওলাডিপোকে নিয়ে আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে চট্টগ্রাম আবাহনী।
মাঝারি মানের দল মুক্তিযোদ্ধা
দল যেমনই হয়েছে মুক্তিযোদ্ধার প্রত্যাশাও ঠিক তেমনই। কাল দলবদলে এসে মুক্তিযোদ্ধার কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘গতবার আমরা পঞ্চম হয়েছিলাম, এবার চতুর্থ হলেই সন্তুষ্ট।’ গত মৌসুমে চোটের কারণে মৌসুমের মাঝপথে খেলতে পারেননি স্ট্রাইকার তৌহিদুল আলম। তাঁকে এবারও রেখে দিয়েছে তারা। বিদেশিদের মধ্যে ডিফেন্ডার আব্বাস ইনুসাহ, ফরোয়ার্ড লাইনে মিসরের মোহাম্মদ ইসলাম। এই দল নিয়েই লিগে লড়তে চায় মুক্তিযোদ্ধা।