চট্টগ্রাম আবাহনীর 'সুনামি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ের সঙ্গে লেপ্টে থাকা ছোট দলের তকমাটা এবার ঝেড়ে বড় দল হতে চায় চট্টগ্রাম আবাহনী। সেই লক্ষ্যে আগামী মৌসুমের জন্য বড় দল গড়তে তারা নিয়োগ দিয়েছে দেশের প্রতিষ্ঠিত কোচ শফিকুল ইসলাম মানিককে।
নতুন কোচকে সঙ্গে নিয়ে কাল বাফুফে ভবনে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা জানালেন তাঁদের স্বপ্ন আর নানা পরিকল্পনার ইতিবৃত্ত। ক্লাবের মহাসচিব সাংসদ শামসুল হক চৌধুরী খুবই উচ্ছ্বসিত, ‘লিগে চ্যাম্পিয়ন হতে পারব কি না জানি না, তবে চ্যাম্পিয়ন হওয়ার বাসনা আমাদের আছে।’ রসিকতার সুরে পরের কথায় ব্যক্ত করলেন উচ্চাকাঙ্ক্ষা, ‘আমরা ঘরোয়া ফুটবলে একটা সুনামি হয়ে দেখা দিতে চাই।’
‘সুনামি’ মানে বিশাল কিছু! কিন্তু বাস্তবতা বলছে, চট্টগ্রাম আবাহনীর পক্ষে এখনই শিরোপা জিতে বিপ্লব ঘটিয়ে ফেলা সাইকেলে হাজার মাইল পাড়ি দেওয়ার মতো। কারণ চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়ন দল লাগে। সেই দল গড়তে চাই ভালো খেলোয়াড়। কিন্তু ঘরোয়া ফুটবলে খেলোয়াড়ই তো হাতে গোনা। শীর্ষ খেলোয়াড়েরা অনেকেই চুক্তি সেরে ফেলছেন গোপনে। তাই পছন্দের খেলোয়াড় কতটা নিতে পারবে চট্টগ্রাম আবাহনী, তা নিয়ে আছে ঘোর সংশয়।
তবে আশার কথা হলো, শুধু শিরোপা লড়াইয়ে থাকাই নয়, দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনাও আছে চট্টগ্রাম আবাহনীর। টাকার বস্তা নিয়ে নেমেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই তিনি বুঝিয়েছেন, ‘মানি ইজ নো প্রবলেম’। কদিন আগে জানিয়েছিলেন, চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে চট্টগ্রামেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট করা হবে। পারলে তিনি মনে হয় এখনই করে ফেলেন ওই টুর্নামেন্ট! কিন্তু মুশকিল হচ্ছে, আপাতত ফাঁকা সময় নেই।
ক্লাবের মধ্যবর্তী পরিকল্পনায় আছে, সারা দেশ থেকে বয়সভিত্তিক খেলোয়াড় তুলে এনে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়া। ভবিষ্যতে এই খেলোয়াড়েরাই সমৃদ্ধ করবে ক্লাবের ভান্ডার। রুহুল আমিন জানালেন আরেকটি পরিকল্পনা, ‘আমরা দীর্ঘ মেয়াদে ফল পেতে চট্টগ্রামে একটা ফুটবল একাডেমি করব। আয়ের স্থায়ী উৎস পেতে বাণিজ্যিকভাবে কমপ্লেক্স করারও চিন্তা আছে।’
পরিকল্পনা তো অনেকই করা যায়, বাস্তবে এর সম্ভাবনা কতটা? অতীতে অনেক ক্লাবই স্বপ্নের কথা বলে হারিয়ে গেছে। তবে চট্টগ্রাম আবাহনী কর্মকর্তারা দাবি করলেন, কথার ফুলঝুরি নয়, তাঁরা কাজে ঝাঁপিয়ে পড়ে নতুন কিছু করতে ব্যাকুল।
সেসবই দূরের পথ। আপাতত বড় দল হতে দৃশ্যমান কিছু উদ্যোগ অবশ্য লক্ষণীয়। এরই মধ্যে ফুটবল কমিটির চেয়ারম্যান ৩৬ আসনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছেন খেলোয়াড়দের যাতায়াতের জন্য। চট্টগ্রামে ১০ বছরের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে আবাসিক ক্যাম্প করতে। নিয়মিতই পেশাদার লিগের অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া চট্টগ্রাম আবাহনী তাহলে বদলে যাচ্ছে!