চট্টগ্রামে ফিরেই হারল 'চট্টগ্রাম'

>চট্টগ্রামে আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী।
দুই মৌসুম বাদে এবার আবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু বানিয়েছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু ঘরে ফেরাটা ভালো হলো না চট্টগ্রামের দলটির। নিজেদের মাঠে ফেরার ম্যাচে আজ আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ২-১ গোলে হেরেছে মারুফুল হকের দল। এর আগে ঢাকায় শেখ জামালের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে লিগ শুরু করেছিল চট্টগ্রাম আবাহনী।
ক্যাসিনো কাণ্ডের জেরে এবারের মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের দল গঠন করা নিয়েই ছিল শঙ্কা। একেবারেই শেষ মুহূর্তে এসে দল দল গঠন করে তারা। অথচ শিরোপাপ্রত্যাশী চট্টগ্রাম আবাহনী তাদের কাছে এসেই হোঁচট খেল। এবারের মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে এটাই বড় চমক।
গতবার আরামবাগের কোচ ছিলেন মারুফুল হক। এবার মারুফুলের কাঁধে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব। দেশের অন্যতম সেরা এই কোচ লিগের প্রথম হারের স্বাদ পেলেন পুরোনো ক্লাবের কাছেই। পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হার। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।
মূলত নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলের কাছেই হেরে গিয়েছে আবাহনী। জোড়া গোল করেছেন এই স্ট্রাইকার। প্রথম গোলটি মিসরীয় মোস্তফা কাহরাভার এক দুর্দান্ত থ্রু-তে। চট্টগ্রামের রক্ষণভাগ ‘হাই লাইন’ ছিল। কিন্তু পাল্টা আক্রমণে কাহরাভার থ্রু-তে সেই রক্ষণ হা হয়ে গেল। এরপর গতিতে প্রতিপক্ষকে পেছনে পেলে বলটা দারুণ নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্লেসিংয়ে গোলের খাতা খোলেন কিংসলে।
প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে কিংসলেই দ্বিতীয় গোলটি পেয়েছেন প্রতিপক্ষ ডিফেন্ডার শওকত রাসেলের ভুলে। গোলরক্ষককে ব্যাক পাস করতে গিয়েছিলেন রাসেল। সেই বল কেড়ে নিয়ে দারুণ ফিনিশিংয়ে জালে। অথচ এই গোলের আগের মিনিটেই শাখাওয়াত রনির গোলে সমতায় ফিরেছিল আবাহনী। এই হারে দুই ম্যাচে ৩ পয়েন্ট চট্টগ্রামের। সমানসংখ্যক ম্যাচে আরামবাগেরও পয়েন্ট তা-ই।