চট্টগ্রামে বাফুফের 'উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের ভেতরে ও বাইরে লেখা ‘বিশেষ সাধারণ সভা’। চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাল সকালে বাফুফের এই বিশেষ সভা হয়েছে বেশ সাড়ম্বরেই। অন্য রকম উৎসবের মেজাজ থাকল চোখে পড়ার মতোই।
তবে মিলনায়তন তো বটেই, এর বাইরেও দাঁড়াতে দেওয়া হচ্ছিল না সাংবাদিকদের। প্রথমদিকে তো দু-একজনকে ভবনের নিচে নামিয়ে দেওয়া হয়। গণমাধ্যমকর্মীর সংখ্যা বাড়লে পরে আর সেটি সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে।
সভায় বাফুফের ২০১২-২০১৪ তিন বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন পাস করা হয়েছে সর্বসম্মতিক্রমে। তিন বছরে আয় ৫২ কোটি টাকার ওপরে, খরচ ৫০ কোটিরও বেশি। কিন্তু সেটি অনুমোদন করতে বিমানে চেপে চট্টগ্রামে এসে কেন এই বিশাল আয়োজন? গণমাধ্যম থেকে কেনই-বা এত রাখঢাক?
এসব প্রশ্নের জবাব সভা শেষে কার আগে কে দেবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা দেখা গেল কর্মকর্তাদের মধ্যে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায়, চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারবার বাধা দিচ্ছিলেন অন্য কর্মকর্তারা।
‘বাংলাদেশের যেকোনো জায়গায় সভা হতে পারে। ঢাকায় করতে হবে এমন কোনো কথা নেই’, বললেন আ জ ম নাছির। পাশ থেকে বাফুফের মনিটরিং কমিটির প্রধান সাংসদ সামশুল হক চৌধুরী বলে ওঠেন, ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেশে একটাই। সেটি চট্টগ্রামে। তাই এখানে আসা।’
ফুটবলের অন্য একটি অংশ কাল একই সময়ে ঢাকায় সাংবাদিকদের সামনে বাফুফের নানা অনিয়ম তুলে ধরছিল, এটাকে অবশ্য পাত্তাই দিতে চাইলেন না বাদল রায়। বরং বিদ্রোহী অংশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন হয়েছে বলেও জানালেন তিনি, ‘আমাদের এখানে ১১৪ জন (মোট ১৪৩ জন) প্রতিনিধি উপস্থিত হয়েছেন। কাজেই প্রতিপক্ষ অংশটি একেবারে ছোট। প্রয়োজনে আজকের সভায় উপস্থিত হয়ে তাঁরা নিজেদের মতামত ব্যক্ত করতে পারতেন। বাফুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ আগামী ২৮ এপ্রিল। নির্বাচনের তোড়জোড় চলছে এখন। তবে নির্বাচনের সঙ্গে চট্টগ্রামের বিশাল এই আয়োজনের কোনো সম্পর্ক নেই বলে দাবি সালাম মুর্শেদীর, ‘এটা কেবল একটি বিশেষ সভা। এখানে তিন বছরের আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।’