চট্টগ্রামে রিয়ালের তিন কোচ
না হোন তাঁরা মূল দলের কোচ, কিন্তু তাঁদের নামের পাশে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ নামটি তো জড়িয়ে আছে। এটাও কি যেনতেন কথা! এঁদের কাছ থেকেও কোচিংয়ের অনেক কিছু শেখার আনন্দে আচ্ছন্ন চট্টগ্রামের ৩০ জন ফুটবল কোচ।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের তিন কোচ পাবলো গোমেজ রেভেনজা, হাভিয়ের গার্সিয়া তোরেস ও রাফায়েল প্যালাসিও তিন দিনের একটি ফুটবল ক্লিনিক শুরু করেছেন চট্টগ্রামে। ওয়াই কে কে এশিয়া গ্রুপ কিডস ফুটবল ক্লিনিক নামে পরিচিত এই প্রশিক্ষণ শিবিরে ৩০ স্থানীয় কোচ ছাড়াও ২৮০ জন অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ফুটবলারও অংশ নিচ্ছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার চার ভাগে ভাগ করে সুবিধাবঞ্চিত এই শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল প্রথম দিনে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুভাবেই প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় কোচরা। তাত্ত্বিক ক্লাসের পর মাঠে বল নিয়ে নেমে পড়েন কোচরা। প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় কোচ দেবাশীষ বড়ুয়া বলেন, ‘শেখার শেষ নেই। কম সময়ের হলেও অন্তত কোচিংয়ের অনেক অজানা বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি।’
এর আগে গতকাল সকালে পেনিনসুলা হোটেলে এক সংবাদ সম্মেলনে ফুটবল ক্লিনিকের লক্ষ্য তুলে ধরা হয়। এতে ওয়াইকেকে হোল্ডিং এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট কসৌকি মিয়ামি বলেন, ‘বাংলাদেশে তৃতীয়বারের মতো এই ক্লিনিক পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীরা অনন্য এক অভিজ্ঞতা পাবে বলে আমি মনে করি।’
সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের কোচ ছাড়াও বাফুফের ভারপ্রাপ্ত টেকনিক্যাল পরিচালক কাজী আলতাফুল হক উপস্থিত ছিলেন।