চতুর্থ শিরোপার পথে লিজা
জাতীয় মহিলা দাবার আট রাউন্ড শেষে শিরোপা লড়াইয়ে আছেন বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনীর শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিন। অপরাজিত লিজা তুলে নিয়েছেন পুরো ৮ পয়েন্টই। তাঁর চেয়ে দেড় পয়েন্ট কম নৌবাহিনীরই আরেক দাবাড়ু গতবার পঞ্চম হওয়া শিরিনের। বাকি তিন রাউন্ডের দুটিতে জিতলেই শিরোপা ধরে রাখবেন লিজা। তাঁর নামের পাশে আছে জাতীয় দাবার তিনটি শিরোপা।
৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তিনজন—রানী হামিদ, নজরানা খান ইভা ও সামিয়া শারমিন। কার্যত এই তিনজনের শিরোপার সম্ভাবনা শেষ। কাল অষ্টম রাউন্ড শেষে রানী হামিদও সেটাই বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর নেই আমাদের তিনজনের।’ ১৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন রানী চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেই বলে হাপিত্যেশ করছেন না, ‘আসলে আমি তো এখন আর প্লেস পাওয়ার জন্য খেলি না, মনের আনন্দেই খেলি।’
কাল অষ্টম রাউন্ডে রানী ড্র করেছেন জাকিয়া সুলতানার সঙ্গে, পয়েন্ট ভাগাভাগি করেছেন ইভা-সামিহা। লিজা হারিয়েছেন নৌবাহিনীর খন্দকার সুমাইয়াকে। বরিশালের আফরিন জাহানের বিপক্ষে জিতেছেন শিরিন। লিজা আজ খেলবেন তানজিনার সঙ্গে, শিরিনের প্রতিপক্ষ ঝর্ণা। অঙ্কের হিসাবে আজই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে লিজার।
জাতীয় ‘বি’ প্রতিযোগিতা: জাতীয় ‘এ’ প্রতিযোগিতার বাছাইপর্ব জাতীয় ‘বি’ শুরু হবে ১৪ অক্টোবর।