চমক শুধু ইংল্যান্ডেই
লিগের খেলা নেই তো কী হয়েছে, অন্য ঘরোয়া প্রতিযোগিতা আছে না! লিগের খেলার অবসরে যেমন ইংল্যান্ডে এখন চলছে লিগ কাপ, স্পেনে কোপা ডেল রে, জার্মানিতে চলছে জার্মান কাপ। কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদ এবং জার্মান কাপে বায়ার্ন মিউনিখ পরশু উতরে গেছে সহজেই, কিন্তু ইংল্যান্ডের লিগ কাপে নিউক্যাসলের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। এএফপি।
নিউক্যাসলের চমক
ছয় মিনিটের মাথায় হতবাক ইতিহাদ স্টেডিয়াম। রোলান্ড অ্যারনস নামের ১৮ বছর বয়সী এক উইঙ্গার করে বসলেন দারুণ এক গোল। লিগ কাপের চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি পিছিয়ে ১-০ গোলে। শেষ পর্যন্ত লিগ চ্যাম্পিয়নরা ম্যাচটা ২-০ গোলে হেরে নিশ্চিত করল লিগ কাপের কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না তাদের। নিউক্যাসলের পরের গোলটি আরও দুর্দান্ত, ৭৫ মিনিটে সেটি করেছেন মুসা সিসোকো। এডিন জেকো ও সার্জিও আগুয়েরোরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এ নিয়ে গত তিনটি ম্যাচই জয়হীন কাটল সিটির, পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ডার্বির আগে প্রস্তুতিটাও ভালো হলো না।

রিবেরিকে ‘আক্রমণ’
খেলা তখনো শেষ হয়নি। হঠাৎ মাঠে ঢুকে পড়লেন হামবুর্গের এক সমর্থক। একরকম তেড়েই গেলেন ফ্রাঙ্ক রিবেরির দিকে। নিরাপত্তারক্ষীরা অবশ্য ততক্ষণে তাঁকে আটকে দিয়েছেন। তবে রিবেরির ওপর রাগটা তিনি বুঝিয়েছেন অশোভন অঙ্গভঙ্গি করেই। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য হামবুর্গ বায়ার্নকে ঠেকাতে পারেনি, হেরে গেছে ৩-১ গোলে। লেভানডফস্কি, আলাবার পর বায়ার্নের হয়ে শেষ গোলটি করেছেন রিবেরিই। হামবুর্গের সান্ত্বনাসূচক গোলটি করেছেন লাসোগগা।
করনেয়ার আশা !
করনেয়ার নাম শুনেছেন? স্পেনের তৃতীয় বিভাগের এই পুঁচকে দলটির নাম নাও শুনতে পারেন। এই ক্লাবটির স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র দেড় হাজার, বার্ষিক বাজেট মাত্র আট লাখ ইউরো, দলে আছেন একজন দন্তচিকিৎসক ও একজন শিক্ষক। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের খেলতে পারাটাই তো সৌভাগ্যের। পরশু কোপা ডেল রের চতুর্থ রাউন্ডে বার্সেলোনার কাছাকাছি ক্লাবটি রিয়ালকে একটু চমকেও দিয়েছিল। রাফায়েল ভারানের গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য কোনো রূপকথা হয়নি, ম্যাচটা হেরে গেছে ৪-১ গোলে। ভারানের আরেক গোলের পাশাপাশি গোল করেছেন হার্নান্দেজ ও মার্সেলো।