চমকের নাম আলাভেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাদের নীল রঙের জার্সিতে মিল আছে লেস্টার সিটির। এই মৌসুমের শুরুতে আলাভেস খেলছেও গত মৌসুমের লেস্টারের মতো, কাউকেই যাদের পরোয়া নেই। বাস্ক অঞ্চলের আরেক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মতো তারাও স্থানীয় খেলোয়াড়দেরই দেয় অগ্রাধিকার। বর্তমান দলটির প্রায় সবাই স্পেনের।

১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছে ২০০১ সালে। সেবার কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথমবার খেলতে এসেই উঠে গিয়েছিল উয়েফা কাপের ফাইনালে। শেষ পর্যন্ত লিভারপুলের কাছে ৫-৪ গোলে হার রূপকথার মধুরেণ সমাপয়েৎ এনে দেয়নি। সেটাই ছিল ক্লাবের সেরা সময়।

১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত টানা পাঁচ মৌসুম তারা ছিল শীর্ষ লিগে। এরপরই পথ হারানোর শুরু। পরশুর জয়টি যেমন ছিল শীর্ষ ফুটবলে ১০ বছর পর তাদের জয়, সেটিও বার্সেলোনার মতো ক্লাবকে তাদেরই মাঠে! আগের ১০ মৌসুম দ্বিতীয়, এমনকি তৃতীয় বিভাগেও খেলতে হয়েছে। এবার তিন ম্যাচের মধ্যে অ্যাটলেটিকোকে রুখে দেওয়া আর বার্সাকে হারানো—নতুন এক বার্তাই যেন দিচ্ছে একসময় ফেরেঙ্ক পুসকাসকেও কোচ হিসেবে পাওয়া এই ক্লাবটি। যেটিতে খেলেছেন ইয়োহান ক্রুইফের ছেলে জর্ডি।

আলাভেসের এই স্কোয়াডেও নেই তেমন কোনো নামকরা খেলোয়াড়। তবে আসল যা দরকার, সেটাই আছে তাদের—সাহস!