চমকের নাম ওয়েস্ট হাম

প্রতিপক্ষের মাঠে প্রথম তিনটি ম্যাচ আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ওয়েস্ট হামের দায়িত্বে এ মৌসুমেই প্রিমিয়ার লিগে অভিষেক হতে যাওয়া স্লাভেন বিলিচের জন্য সূচিটা ছিল কঠিন এক পরীক্ষা। আর সেই পরীক্ষায় প্রত্যাশাতীত সাফল্যে রঙিন ক্রোয়াট কোচ! তিন পরাশক্তিকেই হারিয়ে দিয়েছে ওয়েস্ট হাম!
আর্সেনালকে হারিয়ে শুভসূচনা। দ্বিতীয় ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া। আর পরশু ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় ২-১ গোলে। বড় দলগুলোর কাছে ওয়েস্ট হাম এখন যেন দুঃস্বপ্নের অন্য নাম।
ওয়েস্ট হাম কী করেছে, তা বুঝে নিতে পারেন এই তথ্য থেকে। এর আগে মাত্র তিনটি দলই পেরেছে এক মৌসুমে আর্সেনাল, লিভারপুল ও সিটিকে তাদের মাঠে হারাতে—এভারটন (১৯৯৬), ম্যানচেস্টার ইউনাইটেড (২০০৫) আর চেলসি (২০০৬)।
পরশু ভিক্টর মোজেস ও ডিয়াফ্রা সাখোর গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম (২-০), প্রথমার্ধের যোগ করা সময়ে কেভিন ডি ব্রুইনের গোলে ব্যবধান কমায় সিটি। ওই পর্যন্তই। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের অর্ধে ‘তাঁবু’ গেড়েও পরাজয় আর এড়াতে পারেনি সিটি। প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জয়, টানা ছয় ম্যাচ অক্ষত গোলপোস্ট, এ মৌসুমে অপরাজিত—ম্যাচের আগে সিটির রেকর্ডগুলো ভেঙে গেল ‘হ্যামারে’র আঘাতে।
পুরো ম্যাচে সিটির গোলপোস্টে মাত্র তিনটি শট, ২০টি ট্যাকল, বলদখল শতকরা ২৮ ভাগ, রক্ষণজমাট রেখে দ্রুতগতির প্রতি-আক্রমণ। নিজেদের সামর্থ্য বুঝে এমন কৌশল সাজিয়েই আর্সেনাল ও লিভারপুলের সঙ্গেও জিতেছে ওয়েস্ট হাম।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসের কাছে হার মিলিয়ে সপ্তাহটা বাজে গেল সিটির। পরশু ম্যাচ শেষে কোচ পেলেগ্রিনির কণ্ঠেও ছিল হতাশা, ‘দুটি ম্যাচই হারলাম রক্ষণে মনোযোগ আর গতিটা ধরে রাখতে না পারায়। জুভেন্টাসের বিপক্ষে দুই গোল খেয়েছি। পোস্টে তাদের শট ছিল মাত্র দুটি, তাতেই দুই গোল। আজও একই অবস্থা।’
চমকের পর চমক দেখানো ওয়েস্ট হাম কোচ স্লাভেন বিলিচ অবশ্য পা মাটিতে রাখার নীতিতে বিশ্বাসী, ‘আমরা জানতাম এই ম্যাচ থেকে কিছু পেতে হলো গোল করতে হবে। তা-ই করেছি আমরা। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তবে বিশ্বাস আর ঔদ্ধত্যের মধ্যে কিংবা বিশ্বাস আর আলস্যের মধ্যে ব্যবধানটা সূক্ষ্ম।’
চমকের দেওয়ার তালিকায় শুধু ওয়েস্ট হামই নয়, লেস্টার সিটিও আছে। এত এত বড় দল লিগে, অথচ এ পর্যন্ত প্রিমিয়ার লিগে একমাত্র অপরাজিত দল লেস্টার! পরশু স্টোক সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ড্র করেছে ‘দ্য ফক্সেস’। ফিরে আসাটাও তেমন চমক নয়, চমক একইভাবে ঘুরে দাঁড়ানোর পুনরাবৃত্তিটা। গত সপ্তাহেও অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছিল ক্লদিও রানিয়েরির লেস্টার। এএফপি, রয়টার্স।