চমকের নাম নাব্রি

এত বড় জয়ের পরও জার্মানির কোচ জোয়াকিম লো নির্বিকার থাকেন কী করে! সাফল্য তাঁর কাছে অভ্যাসের মতো হয়ে গেছে বলেই? নইলে কি স্যান মেরিনোকে ৮-০ গোলে হারানোর পরও জার্মান কোচ এত সহজেই বলতে পারেন, ‘ছেলেরা অনেক গোল করতে চেয়েছিল, সেটা পেয়েছে। এই তো! এসব ম্যাচ মানদণ্ড ধরলে হবে না!’
কথাটা স্যান মেরিনোকে অবজ্ঞা করে বলা নয়। দুই দলের প্রকৃত ব্যবধান যে আকাশ-পাতাল। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বর, সেখানে স্যান মেরিনো ২০১ নম্বরে। এর আগেও জার্মানির সঙ্গে দুবার দেখা হয়েছে ইউরোপের পুঁচকে দেশটির। ২০০৮ ইউরোর বাছাইপর্বে ওই দুই ম্যাচেই জার্মানদের কাছে ১৯ গোল (১৩-০ ও ৬-০) খেয়েছে স্যান মেরিনো। সেই হিসেবে পরশু নিজেদের মাঠে হলেও ফলটা অপ্রত্যাশিত ছিল না তাদের কাছে।
একই রাতে বাছাইপর্বের অন্য ম্যাচে সুইডেনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ফ্রান্স। আর ওয়েম্বলি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
স্যান মেরিনোর বিপক্ষে জার্মানির সবচেয়ে বড় চমক ছিলেন সার্জ নাব্রি। নিয়মিত একাদশের ৭ থেকে ৮ জন খেলোয়াড়কে বিশ্রাম দেন লো। তাতেই জাতীয় দলে সুযোগ পেয়ে অভিষেকটা হ্যাটট্রিক দিয়ে স্মরণীয় করে রাখলেন ভেরডার ব্রেমেন উইঙ্গার নাব্রি। ২১ বছর বয়সী উইঙ্গার প্রথমার্ধেই পান এক গোল, বিরতির পর আরও দুটি। ১৯৭৬ সালে ডিয়েটার মুলারের পর এই প্রথম জার্মানি দলে কেউ অভিষেকে হ্যাটট্রিক করলেন। সঙ্গে জোনাস হেক্টরের জোড়া গোল, কেভিন ভোলান্ড ও স্যামি খেদিরার একটি করে গোল আর মাত্তিয়া স্টেফানিলির আত্মঘাতী গোলে স্যান মেরিনো ভেসে গেছে গোলবন্যায়।
এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে ৪ ম্যাচের সব জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জার্মানি। চার ম্যাচে এ পর্যন্ত কোনো গোল খায়নি লোর দল। লো অবশ্য তারপরও পরশুর ফলটাকে খুব বড় করে দেখতে রাজি নন, ‘এ ধরনের ম্যাচের ফল নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। তবে সার্জের (নাব্রি) মতো তরুণেরা বেরিয়ে আসছে, এটা ভালো দিক।’
প্যারিসে ৫৪ মিনিটে সুইডেনের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে ফ্রান্সকে জিতিয়েছেন পল পগবা ও দিমিত্রি পায়েত। জাতীয় দলের হয়ে পগবার এটি অষ্টম গোল। গত মাসেও তাঁর একমাত্র গোলেই হল্যান্ডের বিপক্ষে জেতে ফ্রান্স। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের পারফরম্যান্সে মুগ্ধ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম, ‘ও আজ এত ভালো খেলেছে যে, আমি খুবই আনন্দিত। এ রকম খেললে আর কিছু লাগে না। সঙ্গে যদি সে গোলও পায় তাহলে তো কথাই নেই। আমি জানি সে নিজেও গোল করতে ভালোবাসে। তবে এমন খেলার পর গোল না পেলেও সমস্যা নেই।’
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সুইডেন।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড এবং তাদের জালেও কোনো গোল ঢোকেনি। ওয়েম্বলিতে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করেছেন ইংল্যান্ডের ড্যানিয়েল স্টারিজ, অ্যাডাম লালানা ও গ্যারি কাহিল। স্যাম অ্যালারডাইস বরখাস্ত হওয়ার পর চার ম্যাচের জন্য ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া গ্যারেথ সাউথগেট তিনটি ম্যাচের দুটিতে জয় আনলেন, একটি ড্র। সাউথগেট পাকাপাকিভাবেই দায়িত্বটা পেতে পারেন বলে মনে করেন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনি, ‘তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন ভালো ফল এনে দেওয়ার এবং এ পদের তিনিই বড় দাবিদার। আমার মতে তাঁরই কোচ হওয়া উচিত।’ এএফপি, রয়টার্স।
এক নজরে
ইংল্যান্ড ৩: ০ স্কটল্যান্ড
ফ্রান্স ২: ১ সুইডেন
স্যান মেরিনো ০: ৮ জার্মানি
রোমানিয়া ০: ৩ পোল্যান্ড
চেক প্রজাতন্ত্র ২: ১ নরওয়ে
* প্রথমে স্বাগতিক দল